বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, রবিবার বিকেলে কলকাতা স্টেশন থেকে ধনধান্য এক্সপ্রেসে প্রথমে তিনি বহরমপুর যাবেন। সেখান থেকে সড়ক পথে মালদা
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার মালদা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, রবিবার বিকেলে কলকাতা স্টেশন থেকে ধনধান্য এক্সপ্রেসে প্রথমে তিনি বহরমপুর যাবেন। তারপর সেখান থেকে সড়ক পথে মালদা রওনা দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন বহরমপুর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

দুর্গত এলাকার ত্রাণ ও পুনর্বাসনের কাজ সঠিক ভাবে করতে দলের নেতা-মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজ এবার নিজেই পর্যবেক্ষণ করতে চান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। তবে মুখ্যমন্ত্রী সফরসূচি বিস্তারিত কিছু জানানো হয়নি।
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী হাওড়ার উদয় নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন। বন্যা দুর্গতদের দেখতে আরও কয়েকটি জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও, সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রশাসন ঝুঁকি নেয়নি। অন্যদিকে, আবহাওয়া খারাপ থাকায় কপ্টার ব্যবহারের অনুমতিও মেলেনি।

রাজ্যের সাম্প্রতিক বন্যায় মালদা জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। জেলার প্রায় সব অংশেই জলের তলায়। ত্রাণ নিয়ে দলীয় নেতৃত্ব এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ এবং ত্রাণ লুঠের কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। বিষয়টি নিজেই খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications