আয়কর হানা বাংলায় ‘গব্বর’-ভীতি দেখছেন মুখ্যমন্ত্রী
আগে শিশুরা দুষ্টুমি করলে মায়েরা গব্বরের ভয় দেখাতেন। এখন দেশের বুকে ছড়িয়েছে আয়কর ভীতি। মানুষ ভয়ে আড়ষ্ট হয়ে থাকছেন।
কলকাতা, ২৪ ডিসেম্বর : আয়কর হানায় গব্বর-ভীতি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসংস্কৃতি উৎসবেও তিনি মুখর হলেন কেন্দ্রের সমালোচনায়। কেন্দ্রের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বললেন, আগে শিশুরা দুষ্টুমি করলে মায়েরা গব্বরের ভয় দেখাতেন। এখন দেশের বুকে ছড়িয়েছে আয়কর ভীতি। মানুষ ভয়ে আড়ষ্ট হয়ে থাকছেন। কেন্দ্রীয় সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের শান্তি নেই।
আয়কর দফতর সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দিচ্ছে। সেনা নিয়ে আয়কর হানায় এমনিতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারপরই লোকসংস্কৃতির উৎসবে গিয়ে নোট বাতিলে সাধারণ মানুষের অসুবিধার কথা ব্যাখ্যা করেন তিনি।

সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, দিন আনি দিন খাই মানুষ, অনেক কষ্টে দু'টো পয়সা জমিয়েছিল। কিন্তু কেন্দ্রের সরকার সেই পয়সাও কেড়ে নিয়েছে। শুধু পয়সা কাড়াই নয়, লেলিয়ে দেওয়া হয়েছে আয়করকে। বাংলার ঘরে ঘরে ভয় ঢুকে গিয়েছে, এই বুঝি আয়কর এল। আগে গব্বরের ভয় পেত মানুষ, এখন ভয় পাচ্ছে আয়করের। এই দিনের শেষ কবে হবে জানেন না কেউ। দেশে এখন কালো দিন চলছে বলে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন।












Click it and Unblock the Notifications