অনেকটাই ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী কাল কাটা হতে পারে সেলাই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন। আগের থেকে অনেকটাই ভালো আছেন মুখ্যমন্ত্রী। আগামী কাল সোমবার তাঁর সেলাই কাটা হতে পারে। এমনই কথা জানা গিয়েছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছিল। বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ও নাকে সেলাই পরে। কপালে তিনটি ও নাকে একটি সেলাই করতে হয়।

হাসপাতালে থাকার কথা বলা হলেও মুখ্যমন্ত্রী সেই কথা শোনেননি। সেদিনই রাতে মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে আসেন। চিকিৎসকদের কড়া পরামর্শ ছিল, আপাতত তিনি সম্পূর্ণ বিশ্রাম নেবেন। এই কদিন বাড়িতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা বাড়ি গিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা করছেন। আজ রবিবার চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন।
জানা গিয়েছে, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধপত্র চলছে তাঁর। আগামী কাল সোমবার মুখ্যমন্ত্রীর সেলাই কাটা হতে পারে। তবে কবে থেকে তিনি বাইরের কাজকর্মে বেরোবেন? সেই সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পরই রাজনৈতিক মহলে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছিল। দলমত নির্বিশেষে সকলেই মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় টুইট করেছিলেন। পরে মুখ্যমন্ত্রী নিজেও সেই টুইটের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তাঁকে কেউ ধাক্কা দিয়েছে। প্রাথমিকভাবে এই চর্চা শুরু হয়েছিল। যদিও পরে চিকিৎসকরা জানিয়ে দেন, এমন কোনও ঘটনা ঘটেনি। তৃণমূলের সূত্র সেই কথা বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। তবে কীভাবে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন? সেই নিয়ে তদন্ত করছে লালবাজার।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু ভোট। সাত দফায় ভোট হবে। ভোটের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী কবে থেকে প্রচারে নামেন? তাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications