২০১৩ সালের পর আর হয়নি কলেজ নির্বাচন, এই বিষয়ে রাজ্যের কী অবস্থান? জানতে চাইলেন প্রধান বিচারপতি
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করতে হবে, এই মর্মে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় বলে জানা গিয়েছে।
২০১৩ সাল থেকে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছিল, নির্বাচন না করে শাসক দল তৃণমূল নিজেদের আধিপত্য বজায় রাখছে। এই প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলাতেই রাজ্যের আবেদন খারিজ করে দ্রুত নির্বাচন করার নির্দেশ দিল আদালত।

আদালত সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তিন মাস নয়, তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে, কবে এবং কীভাবে ছাত্র সংসদ নির্বাচন করা হবে।
অভিযোগ উঠেছে, অতীতে নিয়মিতভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হত। কিন্তু ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১৩ সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যায়। বিরোধীদের দাবি, শাসক দলের ছাত্র সংগঠনগুলির একচেটিয়া আধিপত্য বজায় রাখতেই নির্বাচন করা হচ্ছে না
এই বিষয়ে মামলাকারী আইনজীবী উদয় চট্টোপাধ্যায় ও সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, রাজ্যের অন্যান্য নির্বাচন বন্ধ হয়নি, তাহলে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনেই সমস্যা কেন? লিংডো কমিশনের সুপারিশ অনুযায়ী এই নির্বাচন হওয়া বাধ্যতামূলক। তাছাড়া, ২০১৩ সালের পর কোনও নির্বাচন না হলেও পুজো ও ফেস্টের জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে নিয়মিত। সেটাই বা কীভাবে হচ্ছে?
এই বিষয়ে এদিন এমনই প্রশ্ন তুলে দেন মামলাকারীর আইনজীবী। এদিকে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, নির্বাচনের অনিয়ম ছাত্রদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় এদিন বলেন, "প্রতিবার এই ধরনের মামলায় রাজ্য সময় চেয়ে নেয়। তারপর ভোটার লিস্ট প্রস্তুত হলে ফের আদালতে আসে। এবার আপনাদের একটি নির্দিষ্ট অবস্থান নিতে হবে। জানাতে হবে, কবে নির্বাচন হবে"।
রাজ্যের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, "আমাদের আরও সময় প্রয়োজন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে, প্রক্রিয়া শুরু হয়েছে"। তবে রাজ্য সরকার যখন আরও তিন মাস সময় চায়, তখন আদালত সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, তিন সপ্তাহের মধ্যে নির্দিষ্ট পরিকল্পনা জানাতেই হবে।












Click it and Unblock the Notifications