Siliguri: আটক মীনাক্ষী, বাকিদের চ্যাংদোলা; বামেদের উত্তরকন্যা অভিযানে লাঠি-জলকামান-টিয়ার গ্যাস পুলিশের
Siliguri: ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ৭ মাসের ব্যবধানে আবারও ফিরল চেনা ছবি। শুক্রবার শিলিগুড়িতে বামেদের উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। নৌকা ঘাট ও তিন বাতির মোড়ের মাঝে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। রাস্তায় বসেই বিক্ষোভ দেখান DYFI কর্মীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি চলে লাঠিচার্জও।
চাকরি, শিক্ষা ও স্বাস্থ্য-সহ বিভিন্ন দাবিতে এদিন উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন DYFI। বেকার বিরোধী দিবসের ডাক দিয়ে শিলিগুড়ির জলপাই মোড় থেকে শুরু হয়ে বর্ধমান রোড ধরে এগিয়ে যায় মিছিল। তিন বাতি মোড়ের কাছে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলের নেতৃত্বে থাকা DYFI-র রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন।

উত্তরের ৭ জেলার কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ করে বামেরা। রাস্তা না থেকে না সরলে মীনাক্ষী মুখার্জিকে চ্যাংদোলা করে ধরে তুলে নিয়ে যায় পুলিশ। পরে আটক করা হয় তাঁকে। সংগঠনের রাজ্য সভাপতি ও রাজ্য সম্পাদক-সহ একাধিক ডিওয়াইএফআই কর্মী সমর্থক আটক হন। শনিবার এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন করা হবে বলে ঘোষণা করেন মীনাক্ষী। বাকি বিক্ষোভকারীদেরও তুলে নিয়ে যায় পুলিশ।
ঘটনায় আহত হন বেশ কয়েকজন ছাত্র যুব। অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। অ্যাম্বুল্যান্সও ডাকেন মীনাক্ষী। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ব্যারিকেড কেন? প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। DYFI নেতৃত্বের অভিযোগ, "আমরা শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলাম, তবুও কেন এই বাধা? গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।" আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যারিকেড বলে পাল্টা জানায় পুলিশ।
পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এদিন। DYFI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। অপরদিকে, শুক্রবারই বিকেলে উত্তর ২৪ পরগনার বারাসতেও পথে নামে ডিওয়াইএফআই। বারাসতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অভিযান। স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ ও অভয়ার বিচারের দাবিতে বিক্ষোভ করে DYFI।












Click it and Unblock the Notifications