স্কুলে ভর্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বারাসতে, নামল কমব্যাট ফোর্স
স্কুলে ভর্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বারাসতে, নামল কমব্যাট ফোর্স
স্কুলে ভর্তিকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার বারাসাত কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়। সকালে স্কুলের গেটে তালা দিয়ে এদিন দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। পাশাপাশি, ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বারাসত থানার পুলিশ, কমব্যাট ফোর্স।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে বারাসতের কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে। প্রাথমিক বিভাগের পড়ুয়াদের পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে উত্তীর্ণদের অগ্রাধিকার না দিয়ে লটারির মাধ্যমে অন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে। ফলে ওই স্কুলের প্রাথমিক বিভাগের একাধিক ছাত্রী পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের।
অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম অনুযায়ী স্কুলের ১ কিলোমিটার দূরত্বের মধ্যে বসবাসকারী যে সকল পড়ুয়া পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন জানায়, তাদের মধ্যে লটারি করা হয়। সেই লটারির ফলাফলের ভিত্তিতেই ভর্তি নেওয়া হয়। সেই নিয়ম মেনেই এবছর ইতিমধ্যেই লটারির মাধ্যমে ৬৯ জন পড়ুয়াকে ভর্তি নেওয়া হয়েছে। পাশাপাশি, অভিভাবকদের দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ।
ঘটনায় দুপক্ষের মধ্যে বচসা কেন্দ্র করে দফায় দফায় অবস্থান বিক্ষোভে নামে অভিভাবকেরা। অবিলম্বে তাদের ভর্তি নিতে হবে। এ দাবি জানিয়েই এদিন সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়া ও অভিভাবকরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। প্রধান শিক্ষিকা ও সহ-শিক্ষিকারা স্কুলে ঢোকার চেষ্টা করলে বাধার মুখে পড়তে হয় তাঁদের। দফায় দফায় বচসায় জড়িয়ে পড়ে দু'পক্ষ। রাস্তায় বসে বিক্ষোভে শামিল হয় পড়ুয়ারা। ফলে আটকে পড়ে একাধিক বাস ও গাড়ি। সড়ক পথে কলকাতা থেকে বনগাঁ ও হাসনাবাদের যোগাযোগ ব্যাহত হয়। চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী। অভিভাবকদের কথায়, তাঁদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে।












Click it and Unblock the Notifications