অনাস্থা প্রস্তাবের পাল্টা! নিজের সিদ্ধান্ত জানিয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি রঘুনাথপুরের চেয়ারম্যানের
চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে দলের নেতাদের কাছে চিঠি দিয়েছেন এই পুরসভার চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায় ।
দলেরই নেতা ও পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছেন দলেরই কাউন্সিলররা । আর এর পরেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে দলের নেতাদের কাছে চিঠি দিয়েছেন এই পুরসভার চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায় । পুরুলিয়া জেলার রঘুনাথপুর পুরসভার এই ঘটনাতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

এলাকার বিধায়ক, তৃণমূল কংগ্রেসের পূর্ণ চন্দ্র বাউরি বলেন, পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে কয়েক জন কাউন্সিলর মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছেন বলে শুনেছি । পুরসভার কাউন্সিলর ও এলাকার দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক ডাকা হয়েছে । সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা ও সিদ্ধান্ত নেওয়া হবে ।
রঘুনাথপুর পুরসভাতে ১৩ জন কাউন্সিলর আছেন । এর মধ্যে ৯ জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের । তিন জন সিপিএমের ও এক জন বিজেপির । তৃণমূল কংগ্রেসের ৯ জন কাউন্সিলরের মধ্যে ৭ জন কাউন্সিলর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন। যারা এই চিঠিতে সই করেছেন তাদের মধ্যে এই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মদন বরাট ও বর্তমান ভাইস চেয়ারম্যান তরণী বাউরি আছেন ।
তাদের অভিযোগ যে এই চেয়ারম্যান মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি উন্নয়নের কাজে ব্যর্থ এবং কোনও বাসিন্দা কোনও সমস্যা নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন ।
মদন বরাট বলছেন যে, এই চেয়ারম্যানের জন্য উন্নয়ন মূলক কাজ থমকে আছে । তিনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই সবের ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । তাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে মহকুমা শাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে ।
যদিও এই অভিযোগ অস্বীকার করে ভবেশ চট্টোপাধ্যায় বলেন, ওই কাউন্সিলররা তাকে অনৈতিক কাজ করতে বলেছিলেন, তিনি সেটা করেন নি। তাঁদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি আটকে যাওয়ার কারণে তাঁরা এই অনাস্থা প্রস্তাব এনে মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছেন। তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে দলের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন । দল যা সিদ্ধান্ত নেবে সেটা তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications