মুকুল ‘ফুল’ হয়ে ফুটবে পঞ্চায়েতে, এবার মমতার সব ‘খেলা’ বন্ধের বার্তা বাবুলের
নিজের সংসদীয় ক্ষেত্র পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপির কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন বাবুল।
একেবারে সিপিএমের কায়দাতেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে বলে অভিযোগ তুললেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজের সংসদীয় ক্ষেত্র পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপির কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন বাবুল। আসানসোলের সাংসদ বলেন, মুকুল রায় এবার দলের তরফে দায়িত্ব পেয়েছেন আসন্ন পঞ্চায়েতের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব খেলা বন্ধ হবে এবার।

শনিবার ও রবিবার আসানসোলের বারাবনি ও বরাকরে দুটি কর্মিসভায় বক্তব্য রাখেন। দুটি কর্মিসভাতেই তাঁর বক্তব্যের সার কথা ছিল, 'মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কায়দায় ভোট করার প্রস্তুতি চালাচ্ছেন। ৩৪ বছর ধরে সিপিএম যে কায়দায় ভোট করত, এই সাত বছরেই সেই কায়দা শিখে তৃণমূল ক্ষমতা দখলে রাখার চেষ্টা চালাচ্ছে।'
তাঁর অভিযোগ, '২০১১ সালের ভোটে পরিবর্তন হয়নি। মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেননি। বাংলার মানুষ সিপিএম অপশাসনের অপসারণ করেছেন। সেই কারণেই ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর ক্ষমতায় এসে তাঁরা সিপিএমের কায়দায় সরকার চালাচ্ছে। মানুষ তা মেনে নেবে না। সন্ত্রাসের আবহ তৈরি করে ভোট করার চেষ্টা চালাচ্ছে। তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, শাসক দলের এই ভয়ঙ্কর প্রবণতা রুখতে হবে।

তিনি বিজেপি কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আর্জি জানান। বলেন, 'ভোটের ময়দান থেকে পিছু হটলে হবে না। তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যেতে হবে, তাহলেই সিপিএমের হার অবধারিত। আমরা সবাই একমত যে, তৃণমূল ভোট-সন্ত্রাস চালিয়ে জেতার চেষ্টা করবে।' তাই এখন থেকেই ভোট-সন্ত্রাস রুখতে আটঘাট বেঁধে নেমে পড়ছেন তাঁরা।
শুধু তাই নয়, ভয় পেয়েই তৃণমূল সরকার ভোটের দিনক্ষণ নিয়ে অস্থিরতা তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলছেন পঞ্চায়েত ভোট হবে এপ্রিলে, কখনও বলছেন মে মাসে, কখনও জুনে। তাঁর বার্তা, মুখ্যমন্ত্রী যখনই ভোট করুন, আমরা প্রস্তুত। এবার লড়াই হবেই। এখনই ফলাফল বলছি না। তবে তৃণমূলের খেলা এবার মুকুলদার নেতৃত্বে আমরা রুখবই রুখব।












Click it and Unblock the Notifications