স্টেশনের মধ্যে মন্ত্রীর উপর হামলা, ঘটনাস্থলে নমুনা সংগ্রহে যেতে পারে এনআইএ
স্টেশনের মধ্যে মন্ত্রীর উপর হামলা, ঘটনাস্থলে নমুনা সংগ্রহে যেতে পারে এনআইএ
রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে ঘটনার জন্যে রেলকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন তিনি। ফলে এই ঘটনায় তদন্তভাবে এনআইএকে দিতে পারে কেন্দ্র। এমনটাই সূত্রের খবর। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি সরকারি ভাবে।

নিরপেক্ষ তদন্ত নিয়ে থাকছে প্রশ্ন
কেন্দ্রের উপর সরাসরি অভিযোগ। স্টেশনের মধ্যে এই ঘটনা হওয়াতে সরাসরি এই ঘটনায় দায় কেন্দ্রকে নিতে হবে বলে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে এই ঘটনা রীতিমত অন্য মাত্রা পেয়েছে। সূত্রের খবর, বঙ্গ বিজেপি চায় এই এই ঘটনার তদন্ত করুক জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তাঁদের বক্তব্য, রাজ্য পুলিশের তদন্তে কোনও ভরসা নেই। নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে থাকছে প্রশ্ন।

রেলের আধিকারিকরাও চান এনআইএ তদন্ত করুক
রেলের আধিকারিকরাও এই ঘটনার তদন্ত এনআইএ-কে দিয়ে যাতে করানো হয় সে বিষয়ে জানিয়েছেন। রেলের এলাকায় নিরাপত্তার বিষয়টি এর সঙ্গে জড়িত থাকার কারনে জাতীয় নিরাপত্তা সংস্থাকে দিয়েই তদন্ত করার বিষয়ে একমত রেল। খুব শিঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। মনে করা হচ্ছে আগামিকাল শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওইয়া হতে পারে বলে খবর।

ঘটনাস্থলে যেতে পারেন এনআইএ
শোনা যাচ্ছে, যেহেতু রেলের সম্পত্তির মধ্যেই এই ঘটনা ঘটেছে সেকারণে স্বতঃপ্রণোদিত ভাবে ঘটনাস্থলে যেতে পারে এনআইএ। সূত্রের খবর, শুক্রবার সকালেই ঘটনাস্থলে পৌঁছতে পারেন এনআইএয়ের তদন্তকারী আধিকারিকরা। সেখানে নমুনা সংগ্রহ করতে পারেন। কারন ইতিমধ্যে ঘটনার তদন্তভার নিয়েছে রাজ্যে সিআইডি, স্পেশাল টাস্ক ফোর্স সহ বেশ কয়েকটি এজেন্সি। সেখানে গিয়ে নমুনাও সংগ্রহ করেছেন তাঁরা। ফলে আর সময় নষ্ট করা নয়, সকালেই ঘটনাস্থলে পৌঁছতে পারেন তদন্তকারী আধিকারিকরা।

এনআইএ তদন্তের দাবি অধীরের গলাতেও
প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী জানান, এই ঘটনায় স্পষ্ট বাংলায় আইনশৃঙ্খলার অবনতি কোথায় এসে ঠেকেছে৷ তিনি শুধু একজন মন্ত্রী নন, একজন সফল ব্যবসায়ী৷ অধীর বলেন, জাকির হোসেন বিরোধী দলের মন্ত্রী হলেও তাঁর সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। তিনি জেলার শিল্পপতি এবং হাজার হাজার মানুষের রুটি-রুজির বন্দোবস্ত করেছেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর শত্রু বেড়েছে৷ ঘটনার তীব্র নিন্দা করছি এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি৷ একই সঙ্গে এই ঘটনার তদন্তভাবে এনআইএকে দিয়ে করানো উচিত বলে দাবি অধীরের। কারন তিনি বলেন, যদি মুখ্যমন্ত্রীর কথা মতো রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয় তাহলে এর পিছনে বড় ষড়জন্ত্র রয়েছে বলে মনে করছেন অধীর। আর তাই এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

রিমোটের মাধ্যমে বিস্ফোরণ! দাবি মমতার
বৃহস্পতিবার সকালে জাকির হোসেনকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাকির হোসেনের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী৷ সেখানে সংবাদমাধ্যমে জানান, এটা পরিকল্পিত হামলা, স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্তে ফরেন্সিক, সিআইডি এবং সিটকে দিয়ে তদন্ত করানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications