প্রধানমন্ত্রীর বৈঠকে কেন ছিলেন না? ব্যাখ্যা চেয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি মোদী সরকারের
প্রধানমন্ত্রীর বৈঠকে কেন ছিলেন না? ব্যাখ্যা চেয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি মোদী সরকারের। ইতিমধ্যে মুখ্যসচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন আলাপন। বিশেষজ্ঞদের দাবি, ইস্তফা দেওয়ার পর কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকে না ওই সংশ্লিষ্ট ব্যক্তির উপর। কিন্তু এরপরেও ফের চিঠি কেন্দ্রের। শুধু তাই নয়, একাধিক ধারায় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই চিঠিতে। আর এই চিঠি ঘিরে নতুন করে রাজ্য-কেন্দ্র সংঘাত। এই চিঠির পর রাজ্যের তরফে পালটা কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই নজর।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ
৩১ মে এই চিঠি আসে রাজ্যের কাছে। যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করে কেন্দ্রীয় সরকার। আগামী বৃহস্পতিবারের মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর্যালোচনা বৈঠকে উপস্থিত না থাকার কারণেই আলাপনকে শো-কজ করা হয়েছে। সোমবার তাঁর নয়াদিল্লিতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু ওই দিন অবসর নেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই তাঁকে শো কজ নোটিশ পাঠানো হয়।

কেন্দ্র-রাজ্য সংঘাত!
ইয়াস বৈঠক নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাতের পরিস্থিতি। সাইক্লোনের পরেই বাংলায় আসেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু সেই বৈঠকে শুভেন্দু থাকায় আগেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে তিনি থাকবেন না। সেই মতো প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে নেন তিনি আলাদা করে। সেই মতো কলাইকুন্ড পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু পাঁচ মিনিটও সেখানে দাঁড়াননি বলে অভিযোগ। আর এরপরেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয় কেন্দ্রে। বলা ৩১ তারিখ কেন্দ্রের দফতরে যোগ দেওয়ার জন্যে। যদিও এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলছেন মমতা।

বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ (বি) ধারা ভঙ্গ করেছেন
কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি আশিস কুমার সিংহের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কলাইকুন্ডায় রাজ্যের ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা যে পর্যালোচনা বৈঠক করেছিলেন তাতে উপস্থিত ছিলেন না আলাপন। তাঁর অনুপস্থিতি দেখে তাঁকে তলব করেন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক আধিকারিক। এর পর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব বৈঠককক্ষে পৌঁছন। কিন্তু মুহূর্তের মধ্যেই তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।নোটিশে কড়া ভাষায় বলা হয়েছে, ওই বৈঠকে অনুপস্থিত থেকে আলাপন বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ (বি) ধারা ভঙ্গ করেছেন। আলাপনের বিরুদ্ধে কেন কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করবে না তাও জানতে চাওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কেন্দ্রের পাঠানো ওই নোটিশের উত্তর দেবেন আলাপন।

মুখ্য উপদেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্য উপদেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপন বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের শেষে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিলেন।রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিনমাস বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার তা অনুমোদন করার পর তাঁকে দিল্লিতে বদলি করা হয়। তা নিয়েই বিতর্ক দানা বাঁধে। সংঘাত জারি হয় কেন্দ্রে রাজ্যের মধ্যে। এদিনই আলাপনকে দিল্লিতে কাজে যোগদানের কথা বলা হয়েছিল।












Click it and Unblock the Notifications