বিতর্কের মধ্যেও মিড ডে মিল প্রকল্পে রাজ্যকে ২০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র
মিড ডে মিল নিয়ে একের পর এক বিতর্ক! কখনও মিড ডে মিলের টাকা অন্যত্র খরচের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা আবার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন বিরোধী দলনেতা।
যার ভিত্তিতে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। আর এই বিতর্কের মধ্যেও বড় স্বস্তি রাজ্যের। মিড ডে মিলের প্রজেক্টের জন্য রাজ্যকে ২০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

টুইটে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০২৩=২৪ অর্থবছরের জন্যে এই বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যা অবশ্যই রাজ্যের কাছে স্বস্তির খবর। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
এমনকি এই বিষয়ে লাগাতার ধর্না দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বঞ্চনার অভিযোগে দিল্লিতে গিয়ে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে এক কোটি চিঠি পাঠানোর কথাও বলেছেন।
— Bratya Basu (@basu_bratya) May 15, 2023
আর এর মধ্যেই মিড ডে মিলের প্রজেক্টের জন্য রাজ্যকে ২০০০ কোটি টাকা বরাদ্দ বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সম্প্রতি দিল্লিতে পিএম পোষণের একটি বৈঠক ছিল। আর সেই বৈঠকেই মিড ডে মিলের বিষয়ে বিস্তারিত জানানো হয়। আর তাতে রাজ্যে কাজে কেন্দ্র খুশি বলেও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি মিড ডে মিল নিয়ে একের পর এক অভিযোগ নিয়ে মন্ত্রীর দাবি, রাজনৈতিক অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।












Click it and Unblock the Notifications