অপসারিত শঙ্কুর বয়ানে ভরসা করে বৃহত্তর অভিযানে নামতে চলেছে সিবিআই
কলকাতা, ১৫ ডিসেম্বর : সল্টলেকের সিবিআই ভবনে ঘুরে এসেই দলের সব পদ থেকে অপসারিত হয়েছেন সোমবার বিকেল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডাকে। সারদা কাণ্ডে দলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদের নামে মুখ খোলাতেই এই পদক্ষেপ বলে দলীয় সূত্রে খবর।
তবে সরকারিভাবে তৃণমূল অবশ্য অন্য কথা বলেছে। তদন্তের স্বার্থে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে শঙ্কুকে অপসারিত করার সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। তদন্ত চলাকালীন তিনি দলের কোনও পদে থাকবেন না। এমনটাই জানানো হয়েছে। তবে এটা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না যে কেন শঙ্কুবাবুর এই পদস্খলন।

সিবিআই সূত্রে খবর, দলীয় নির্দেশ মেনে সারদা টাকা তিনি নানা খাতে খরচ করেছিলেন, এমনটাই জানিয়েছেন শঙ্কুদেব। পাশাপাশি তৃণমূলের শীর্ষ স্থানীয় কয়েকজন কেষ্টবিষ্টুর নামও কিছু গোপন তথ্য তিনি সিবিআইকে দিয়ে এসেছেন।
ফলে আপাতত শঙ্কুর দেওয়া তথ্য খতিয়ে দেখার কাজ করবেন সিবিআই আধিকারিকেরা। প্রয়োজনে সুদীপ্ত সেন, কুণাল ঘোষ, মদন মিত্র সহ একাধিক অভিযুক্তদের সেই তথ্য যাচাইয়ের জন্য জেরা করতে পারেন তাঁরা।
সারদায় বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ করা ও এতে সুবিধাভোগীদের খুঁজে বের করে চার্জশিটে সেই নামগুলি ঢোকাতে সিবিআই আর বেশি সময় নিতে চাইছে না বলেই মত রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications