Partha Chatterjee: নিয়োগ দুর্নীতির ‘কিংমেকার’ পার্থই! প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মূল চক্রী আখ্যা CBI-এর
Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 'কিংমেকার' বলে আখ্যা সিবিআইয়ের (CBI)। এদিন নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন চেয়ে সওয়াল করেন আইনজীবী। পার্থের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই বলে আদালতের তৃতীয় বেঞ্চে দাবি পার্থের আইনজীবী মিলন মুখার্জির।
এদিন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলী, অশোক কুমার সাহা এবং শান্তি প্রসাদ সিনহার জামিনের আবেদন নিয়ে ভিন্নমত পোষণ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তৃতীয় বেঞ্চে পার্থের আইনজীবীর দাবি, "উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারছে না সিবিআই।"

"শুধুই শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিভাগের কোথায় দুর্নীতি হচ্ছে তা তার জানা ছিল না," আদালতের তৃতীয় বেঞ্চে এমনটাই দাবি করেন পার্থের আইনজীবী। তাঁর আরও দাবি, "অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্য়ায়ের থেকে অনেক বেশি প্রভাবশালী। তবু তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্য়ায় তো এখন তৃণমূলের সদস্যও নন। তাঁকেও জামিন দেওয়া হোক।"
এরপরই পাল্টা সিবিআইয়ের আইনজীবী জানান, "পার্থ চট্টোপাধ্য়ায়ই নিয়োগ দুর্নীতির কিংমেকার।" মামলার পরবর্তী শুনানি হবে ১৭ ডিসেম্বর। উল্লেখ্য, এর আগে অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এই মামলায় জামিন পেয়েছেন। সোমবারও পার্থের জামিন সংক্রান্ত মামলায় সুরাহা হল না।
এদিকে গত সপ্তাহেই আদালতের ভর্ৎসনার মুখে পড়েন পার্থের আইনজীবী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে প্রথম গ্রেফতার হন পার্থ। কলকাতার বিচার ভবনে ইডির মামলা অন্য এজলাসে চলে যায়। অথচ ১ নম্বর এজলাসেই বিচারককে ওই মামলা শোনার আর্জি জানান পার্থের আইনজীবী। এরপরই পার্থের আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক।
তার আগে গত বুধবারও সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থের আইনজীবী প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন করেন। বিচারপতিরা সরাসরি জানিয়ে দেন, "পার্থের মতো দুর্নীতিগ্রস্তদের এভারে জামিন পাওয়া উচিত নয়। বাকিরা জামিন পেয়েছেন। কিন্তু পার্থ মন্ত্রী। তিনি জামিন পেয়ে গেলে সমাজে কী বার্তা পৌঁছবে?"












Click it and Unblock the Notifications