সারদা: সিবিআই এ বার ডাকতে পারে শতাব্দী রায়কে
কলকাতা, ৩১ ডিসেম্বর: এ বার শতাব্দী রায়ের পালা!
সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে খুব শীঘ্রই তাঁকে ডেকে পাঠাতে চলেছে সিবিআই। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে তিনি অনেক অবৈধ সুবিধা নিয়েছিলেন বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। সূত্র উদ্ধৃত করে এমনটা দাবি করেছে ইংরেজি টিভি চ্যানেল 'টাইমস নাও'।

বাংলা সিনেমার একদা জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়কে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে মনোনীত করেছিল সারদা গোষ্ঠী। তাদের বিভিন্ন পণ্য কিনতে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন বীরভূমের এই সাংসদ। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বর্তমান জেলবন্দি সাংসদ কুণাল ঘোষই সারদায় এনেছিলেন শতাব্দীকে। শতাব্দী রায়ের আপ্তসহায়ক সোমনাথ দত্ত সেই সুবাদে সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট হন। প্রসঙ্গত, আর্থিক তছরুপের অভিযোগে সোমনাথবাবু এখন জেলে।
এর আগে শতাব্দী রায় অবশ্য জানিয়েছিলেন, তিনি নিছক ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মাত্র। পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছেন। কোনও দুর্নীতি করেননি। এ ব্যাপারে নিশ্চিত হতেই এ বার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
বিজেপির প্রকাশ জাভড়েকর এ ব্যাপারে বলেছেন, "গোটা তৃণমূল দলটাই সারদা-কাণ্ডে যুক্ত বলে মনে হচ্ছে। যারা বাংলার গরিব মানুষের টাকা লুঠপাট করেছে, তাদের জনতা উপযুক্ত শিক্ষা দেবে।"












Click it and Unblock the Notifications