পার্থ ও অয়নকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করল সিবিআই, হাসপাতালে প্রাক্তন শিক্ষামন্ত্রী
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি বাড়ল। এবার প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশাপাশি অয়ন শীলকেও গ্রেফতার করল সিবিআই।
আজ বিশেষ সিবিআই আদালতে রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল। অয়নকে হাজির করা হয়েছিল সশরীরে।

পার্থ ও অয়নকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। যদিও এদিন পার্থ, অয়নকে নতুন মামলায় গ্রেফতার করা হলেও হেফাজতে নেওয়ার জন্য আদালতে দাবি জানায়নি সিবিআই। তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলও নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন গত বছর।
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় গতকাল রাত থেকে জেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বুকে ব্যথা ও অন্যান্য অস্বস্তি রয়েছে। সেই যুক্তি দেখিয়ে আজ পার্থকে রেহাই দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁর আইনজীবী। যদিও বিচারক জানিয়ে দেন, যেহেতু সিবিআই হেফাজতে নিতে চায়নি তাই শুনানিতে হাজিরা দিতে হবে। ফলে ভার্চুয়ালি যোগ দিতে হয় পার্থকে।
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়কে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি ও আর্থিক লেনদেনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল ইডি। ২০২২ সালের ২৩ জুলাই। পরে এই মামলায় তাঁদের হেফাজতে নেয় সিবিআইও। দুই বছরের বেশি সময় ধরে তাঁরা কখনও কেন্দ্রীয় সরকারের হেফাজতে, কখনও জেলে থেকেছেন। এখনও জেলেই।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকা পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তাঁর হয়ে শীর্ষ আদালতে দাঁড়ান আইনজীবী মুকুল রোহতগি। পার্থর জামিনের আবেদন গ্রহণ করে বিচারপতিরা নিম্ন আদালতকে দ্রুত শুনানির আদেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। আর ঠিক তারপরই প্রাথমিক স্কুলে নিয়োগের দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার হতে হলো। নিঃসন্দেহে তাতে ধাক্কা খেল জামিন পেয়ে মুক্ত হওয়ার পরিকল্পনা।












Click it and Unblock the Notifications