ইডির পর নিয়োগ দু্র্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের
ইডির পর নিয়োগ দু্র্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের
শিক্ষক নিয়োগ দু্র্নীতি কাণ্ডে এবার তৎপর হল সিবিআই। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক মিডলম্যানকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলেই খবর। আর সেই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চায় সিবিআই। আর তাই এবার তাঁকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করল সিবিআই।
ইতিমধ্যে নিয়োগ তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি তাঁর নামে বিপুল সম্পত্তির হদিশও তদন্তকারীরা পেয়েছেন। তদন্তকারীরা বলছেন, শিক্ষক নিয়োগে দুর্নীতির অঙ্ক ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালতে পার্থকে পেশের নির্দেশ-
পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। আলিপুর জাজ আদালতে এই সংক্রান্ত আবেদন করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামীকাল শুক্রবার আলিপুর জাজ কোর্টে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা। আদালতে সিবিআইয়ের আবেনের শুনানি পার্থবাবুকে সামনে রেখেই করতে চায় আদালত। আর তাই হাজিরার নির্দেশ।

পার্থর যোগ তদন্তে উঠে এসেছে
কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে একাধিক পার্থ ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি বেশ কয়েকজন মিডলম্যানও আছে। সেই তালিকাতে পার্থের এক আত্মীয় আছেন। তদন্তকারীরা জানাচ্ছে, একাধিক বার পার্থর যোগ তদন্তে উঠে এসেছে। অনেকেই তাঁর নাম নিয়েছে। ফলে তাঁকে জেরা করাটা প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের। আর সেই কারণে হেফাজতে নেওয়া বলে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যে পার্থকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। নতুন তথ্যের ভিত্তিতেই তাঁকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

কেঁদে ভাসিয়েছেন পার্থ
নিয়োগ সংক্রান্ত আর্থিক সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে ইডি। আর তদন্তে নেমেই বিপুল অর্থ-সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। আর এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। কয়েক দফায় জেরা শেষে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। গতকাল বুধবার ভার্চুয়াল শুনানি ছিল পার্থ এবং অর্পিতার। সেখানে কেঁদে ফেলেন দু'জনেই। আদালতে পার্থ জানান, আমাকে বাঁচাতে দিন। এমনকি যে কোনও শর্তে জামিন চান তিনি। যদিও আদালত তা খারিজ করে দেয়। এবং ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ শোনায়। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এবার হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের।












Click it and Unblock the Notifications