এজলাস বদল কলকাতা হাইকোর্টে, পার্থ সহ পাঁচ জনের জামিনের মামলা শুনবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী
পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিন বিষয়ে ভিন্নমত ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে৷ তাই নিয়ে গত সপ্তাহে তীব্র চর্চা শুরু হয় ওয়াকিবহাল মহলে। মামলা তৃতীয় আদালতের বেঞ্চে শুনানি হবে। সেই কথা শোনা গিয়েছিল। এবার সেই বিষয় মান্যতা পেল।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে মামলা গেল। সেখানেই এবার ওই মামলার শুনানি হবে। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতিতে পাঁচ জন অভিযুক্তর জামিন মামলার শুনানি হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এক এক করে জামিন হচ্ছে অভিযুক্তদের। মানিক ভট্টাচার্য থেকে কুন্তল ঘোষেদের জামিন হয়েছে৷ কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন বার বার খারিজ হয়ে যায়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের এজলাসে গত সপ্তাহে শুনানি ছিল। কিন্তু পাঁচ জনের জামিন সম্পর্কে দুই বিচারপতি একমত হতে পারেননি।
পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের পক্ষে সায় দিয়েছিলেন এক বিচারপতি। অন্যজন জামিনের বিরোধিতা করেন। ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি একমত না হওয়ায় প্রশ্ন ওঠে। তাহলে এই মামলার বিচার কীভাবে হবে? সেই প্রশ্ন ওঠে।
ফলে ওই মামলা ফেরত যায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। অন্য আদালতে সেই মামলা পাঠানো হবে৷ সেই কথাও ইঙ্গিত করা হয়েছিল। নতুন বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে এরপর থেকে ওই মামলার শুনানি হবে।
এবার এই নতুন বেঞ্চে ভাগ্য নির্ধারিত হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, শান্তিপ্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications