গরমে প্রচার করে হাসপাতালে বিধায়ক সোহম চক্রবর্তী? কেমন আছেন তিনি?
প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। ৪০ ডিগ্রি তাপমাত্রা চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। লু বইতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যেই ভোটের প্রচার। সেই প্রচারে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
দুই দফার ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফার ভোট রয়েছে চলতি সপ্তাহের শেষে। শাসক, বিরোধী সব রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। তার মধ্যেই রয়েছে প্রবল গরম। রাজনৈতিক উত্তাপের থেকেও এখন বঙ্গের আবহাওয়া উত্তপ্ত।

গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছিল। হিট স্ট্রোকে এক যুবকের মারা যাওয়ার খবরও পাওয়া যায় গতকাল। বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন প্রবল গরমে। ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তীও। এখন কেমন আছেন তিনি? কী হয়েছে তাঁর? সেই প্রশ্ন রয়েছে।
মালদহে ভোটের প্রচারে গিয়েছিলেন সোহম। প্রচন্ড গরমের মধ্যেই তিনি রোড শো করছিলেন। সেই গরম আর সহ্য করতে পারেননি তিনি। পরে অসুস্থ হয়ে যান। কাল বিলম্ব না করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন। তিনি এখন বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন।
সোহম চণ্ডীপুরের বিধায়ক। তৃণমূল যে তারকা প্রচারকদের তালিকা করেছে, তাতে নাম আছে সোহমের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, লু লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন সোহম। শরীরে গরম বসে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন তিনি। তবে এখনও তাঁকে বিশ্রামে থাকতে হবে। বাড়ি থেকে বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না। হাসপাতালে তাঁকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। সোহমের ডায়াবেটিস রয়েছে। সেই বিষয়টি নিয়েও খানিক চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
সোহমের অসুস্থতার খবর টলিউড ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে। তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছেন দেব। তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রী, অরূপ চক্রবর্তীও সোহমকে দেখে এসেছেন। উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে সোহম প্রচার করেছেন। ধারাবাহিকভাবে দিনের বেলা প্রচার চলেছে। সে কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিক ধারণা।












Click it and Unblock the Notifications