রানিনগর পঞ্চায়েত সমিতির গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ, মান বাঁচল অধীরের
অবশেষে গড় রক্ষার পথ পেলেন অধীর চৌধুরী। রাণীনগরে পঞ্চায়েতের স্থায়ী সমিতির সভায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও বোর্ড গঠন করা যাবে না।
যদি পঞ্চায়েত সমিতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়ে থাকে সেটাও কার্যকর করা যাবে না। আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রানিনগর পঞ্চায়েত সমিতি দখল করার চক্রান্ত করছে শাসক দল অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আজ অর্থাৎ সোমবার ভোটাভুটি হওয়ার কথা ছিল। দুপুর ১২টা নাগাদ রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ভোটাভুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই ভোটাভুটিতে অংশ নিতে পারছিলেন না পঞ্চায়েতের কংগ্রেস সদস্যরা। কারণ পঞ্চায়েতের কংগ্রেস সভাপতি সহ ৩৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছি। কাজেই এই অবস্থায় ভোটাভুটি হলে শাসক দল প্রাধান্য পাবে তাতে কোনও সন্দেহ নেই।
এই নিয়ে গত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে রয়েছে রানিনগর। ৮ সেপ্টেম্বর সমাবেশ করার কথা ছিল কংগ্রেসের। কিন্তু তৃণমূল কংগ্রেস তাতে বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ কংগ্রেস কর্মী সমর্থকরা রানিনগর থানা ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। অধীর অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ওঠে।
সোমবার দুপুর ১২টা থেকে ভোটাভুটি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তাতে উপস্থিত থাকার কথা ছিল রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন, জলঙ্গির বিধায়ক আবদুল রজ্জাক সাংসদ আবু তাহের খান সহ রানি নগর পঞ্চায়েত সমিতির ২৭ জন সদস্য, ৯জন পঞ্চায়েত প্রধান এবং ৩ জেলা পরিষদের সদস্যের। কিন্তু আদালতের স্থগিতাদেশে আর সেই ভোটাভুটি প্রক্রিয়া করা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications