মেট্রোর কাজে ময়দানের গাছ কাটা নয়, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
মেট্রোর সুড়ঙ্গপথের জন্য বিশাল সংখ্যক গাছ কাটার কথা ছিল। ময়দানের সেই গাছ কাটা নিয়ে আদালতে মামলা হয়। এদিন ময়দানের গাছ কাটার বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই গাছ কাটার বিষয় নিয়ে উদ্বিগ্ন হাইকোর্টের বিচারপতিও।
ধর্মতলা চত্বরে মেট্রোর কাজ চলছে। এসপ্লানেড থেকে মোমিনপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ হবে। ময়দান এলাকা দিয়ে যাবে ওই মেট্রো লাইন। আর সেই নিয়েও শুরু হয়েছিল চর্চা। তাহলে কি কাটা পড়বে ময়দানের সুবিশাল অসংখ্য গাছ?

মোমিনপুর - এসপ্লানেড মেট্রোর নতুন স্টেশন নির্মাণের জন্য ময়দানের প্রায় ৭০০ গাছ কাটা হবে। এই বিশাল সংখ্যক গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তথ্যের অধিকার আইনে গত ২৬ সেপ্টেম্বর থেকে তিনবার প্রয়োজনীয় অনুমোদন আছে কি না, তা জানতে চাওয়া হয়। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি বলে দাবি।
এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা ওঠে। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে। শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। ময়দানের গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মেট্রোর কাজের জন্য আপাতত কোনও গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। আগামী ১৩ ই নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বতী স্থগিতাদেশ।
কলকাতার ময়দান কেবল একটি খোলা মাঠ নয়। ময়দান কলকাতার ফুসফুস হিসেবেও চিহ্নিত রয়েছে। এদিন বিচারপতি বলেন, শহরের যে কোনও মানুষই এটা স্বীকার করবেন, ময়দান কেবল একটা খোলা জায়গা নয়। তার থেকেও অনেক বেশি। এই শহরের ফুসফুস হল ময়দান। ময়দান মানুষের প্রত্যেকদিনের ঘোরার জায়গা। প্রচুর মানুষ এখানে রোজ প্রাত:ভ্রমণ করতে আসেন।
গ্লোবালাইজেশনের প্রভাবে তাপমাত্রা বাড়ছে কলকাতারও। তার উপর প্রতি বছর গড়ে মহানগরের বড় গাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই তুলনায় কত গাছ লাগানো হচ্ছে? সেই নিয়েও অনেক প্রশ্ন রয়েছে পরিবেশবিদদের মধ্যে। নতুন লাগানো গাছ কতটা বাঁচে, তার রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন আছে।
১৯৫০ সালের থেকে কলকাতা শহরের তাপমাত্রা বাড়ছে। সেই কথাও ধরা পড়েছে বিচারপতির কথায়। ময়দানে যে সংখ্যক গাছ কাটা হচ্ছে৷ তাই নিয়েও বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছেন। আগামী ৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।












Click it and Unblock the Notifications