Calcutta High Court: হনুমান জয়ন্তীতে CRPF নামানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের
নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা। হনুমান জয়ন্তীতে ২০০০ মিছিল করার আবেদন পত্র জমা পড়েছে। জানার পরেই আর ঝুঁকি নিতে চায় না আদালত। হনুমান জয়ন্তী সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রিষড়া কাণ্ডের পর আর ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। বুধবার শুভেন্দু অধিকারীর করা মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ২০০০ আবেদন পত্র জমা পড়েছে হনুমান জয়ন্তীর মিছিলের জন্য। তারপরেই কলকাতা হাইকোর্ট আধাসেনা মোতায়েনের নির্দেশ দেয়।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হীরন্ময় ভটাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারকে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে কেন্দ্রের কাছে বাহিনী চাওয়ার কথা বলা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক বা ভিতির পরিবেশ তৈরি না হয় তার জ ন্য বুধবার থেকেই পুলিশকে রুটমার্চ করা নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও জানিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে সিসিটিভি থাকতে হবে। তাতে ভিডিয়োগ্রাফি করতে হবে। সেই সব এলাকা গুলিতেযাতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকে তা সুনিশ্চিত করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, 'আগের ঘটনার নিরিখে বলা যায়, আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়া উচিৎ রাজ্যের।' এর পাশাপাশি জেলা আদালতের বিচারকদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। তাদের কাজে যাতে কোনও রকম বাধা দেওয়া না হয় তা সুনিশ্চিত করতে বলা হয়েছে।

রিষড়ার ঘটনার পর রাজ্য পুলিশের পক্ষ থেকেও আর ঝুঁকি নেওয়া হবে বলে জানানো হয়েছে। হনুমান জয়ন্তীর মিছিল করতে গেলে গাইডলাইন মেনে করতে হবে। তার জন্য ২৭টি গাইডলাইন তৈরি করেছে রাজ্যপুলিশ। তাতে বলা হয়েছে, মিছিল চলাকালীন কোনও ঘটনা ঘটলে আয়োজকদের দায়িত্ব নিতে হবে। কোন রুটে মিছিল হবে, কতজন থাকবে, সেটা পুলিশ ঠিক করে দেবে। কখন থেকে মিছিল শুরু হবে এবং কখন শেষ হবে তার সময়ও পুলিশের পক্ষ থেকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় কোনও রাজনৈতিক নেতা কোথাও বক্তব্য পেশ করবেন না। এবং কেন্দ্রকে আধা সেনা দিয়ে সাহায্য করতে হবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে স্বেচ্ছাসেবকদের ফোন নম্বর এবং নাম আগে থেকে জানাতে হবে। স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড করা থাকবে। শেষ পাঁচ বছর ধরে যাঁরা শোভাযাত্রা করছেন তারাই কেবল অনুমতি পাবেন।












Click it and Unblock the Notifications