'মানুষ প্রতিবাদ জানাতে পারবেন না? এটা তো সাংবিধানিক অধিকার?' রাজ্যকে বললেন বিচারপতি
RG kar Hospital Doctor Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার ১ অক্টোবর প্রতিবাদী চিকিৎসকদের মিছিল রয়েছে। দীর্ঘ শুনানি শেষে মিছিলে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেই মতো কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল হবে বলে জানা যাচ্ছে। আজ সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রিয়েছে।
তার আগে চিকিৎসকদের মিছিল (RG kar Hospital Doctor Protest) নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ অনুজায়ী, বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিলে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছা সেবক রাখতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত।

মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের আইনজীবী সওয়ালে জানান, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করতে হবে চিকিৎসকদের সংগঠন। এক্ষেত্রে চিকিৎসকদর আইনজীবী জানান, আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেন সেই সংখ্যা আমরা কি করে বলব? আর এই যুক্তিতে দীর্ঘক্ষন সওয়াল জবাব চলে।
মামলায় রাজ্যকে উদ্দেশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, মনে করুন যদি এই মিছিলে ১০ লাখ সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কি তারা প্রতিবাদ জানাতে পারবেন না? এটা তো তাদের সাংবিধানিক অধিকার। মানুষ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক, রাজ্যের শুনানিতে অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ করে এমনই মন্তব্য করে বিচারপতি। একই সঙ্গে এদিন রাজ্যেকে কার্যত ভতসনাও করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ১৪৪ ধারা জারি করা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। এমনকি দুর্গাপুজোর প্রসঙ্গও টেনে আনেন।
আন্দোলন প্রসঙ্গে রাজ্যের আইনজীবীকে বিচারপতি বলেন, গোটা শহরে ১৪৪ ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না। শুধু মামলায় বিচারপতির আরও পর্যবেক্ষণ, যারা দুর্গাপূজা করেন তারা কি জানেন যে কত দর্শক আসবেন?
দীর্ঘ শুনানি শেষে কলকাতা হাইকোর্ট চিকিৎসকদের মিছিলে অনুমতি দেয়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকদের সংগঠনের তরফে আইনজীবী জানান, পুলিশ তাদের অফিসে বসে থাকুক, আমরা চিকিৎসকরা শান্তিপূর্ণ মিছিল করে দেখিয়ে দিচ্ছি। বলে রাখা প্রয়োজন, আগামীকাল মঙ্গলবার, মহালয়ার আগে একাধিক কর্মসূচি আছে চিকিৎসক এবং নাগরিক সমাজের।












Click it and Unblock the Notifications