দুর্গাপুজোর অনুদান নিয়ে কঠোর পর্যবেক্ষণ আদালতের, বুধেই অবস্থান জানাতে হবে রাজ্যকে
দুর্গাপুজোয় সরকারি অনুদান পাওয়া সব ক্লাব বা পুজো কমিটি কি ইউটিলাইজেশন সার্টিফিকেট বা খবচের খতিয়ান পেশ করেছে? রাজ্য সরকারের কাছে আজ তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার পরবর্তী শুনানি।

সৌরভ দত্তর দায়ের করা মামলার প্রেক্ষিতে আজ পুজো অনুদান সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। যারা খরচের হিসেব দেয়নি তাদের নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী, খরচের খতিয়ান পেশ না করা হলেও কেন অনুদান দেওয়া হবে, এইসব প্রশ্ন তোলে আদালত। বিচারপতিরা জানতে চেয়েছেন, কতগুলি পুজো কমিটি খরচের হিসেব পেশ করেনি? রাজ্য সরকার বুধবার হলফনামা দিয়ে তাদের অবস্থান জানাবে।
আদালতের পর্যবেক্ষণ, যারা অনুদান নিয়েও খরচের হিসেব দিচ্ছে না তাদের নিয়ে চিন্তাভাবনার প্রয়োজন আছে। প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করা হোক। আদালত স্মরণ করিয়ে দিয়েছে, পুজো অনুদান সংক্রান্ত মামলায় আগের নির্দেশে খরচের খতিয়ান পেশের কথা বলা হয়েছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যেহেতু আদালত কখনও অনুদান দেওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করেনি, ফলে পুজোর পরে এই মামলার শুনানি হোক। তার আগে রাজ্য হলফনামা দেবে। যদিও বিচারপতি সুজয় পাল জানিয়ে দেন, পুজোর পর এই মামলার গুরুত্ব থাকবে না। কারণ, আদালত বারবার পুজোর অনুদান খরচের হিসেব দেওয়ার কথা বললেও তা হচ্ছে না বলেই বারবার অভিযোগ আসছে। ফলে পদক্ষেপ করতে হবে পুজোর আগেই। কোন কোন ক্লাব হিসেব দেয়নি, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ হয়েছে সেটাও জানাতে হবে আদালতে।
রাজ্যের এজি বলেন, ২০২৩ সালে মার্চ মাসে আদালতে জানানো হয়েছিল ৫০০-র বেশি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। যার মধ্যে ৩৬টি পুজো কমিটি ইউসি জমা করেনি। এরপর বিচারপতি সুজয় পাল বলেন, সংখ্যায় যেতে চাইছি না। গত বছর পর্যন্ত আদালতের নির্দেশ মেনে যে পুজো কমিটিগুলি খরচের খতিয়ান সংক্রান্ত সার্টিফিকেট জমা করেনি তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? তাদের কি এবারেও অনুদান দেওয়া হবে? উল্লেখ্য, এর আগে আদালতে রাজ্য সরকার জানিয়েছিল সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা বাড়ানো, করোনাকালো বিধিনিষেধ মানার জন্যেই অনুদান দেওয়া হয়েছিল। চলতি বছর দুর্গাপুজোর জন্য অনুদান ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications