বাড়ির দরজা-জানলায় সিসিটিভি, নেতাই যেতেও বাধা! শুভেন্দুর আবেদনে মমতার সরকারের রিপোর্ট তলব হাইকোর্টের
বাড়ির দরজা-জানলায় সিসিটিভি, নেতাই যেতেও বাধা! শুভেন্দুর আবেদনে মমতার সরকারের রিপোর্ট তলব হাইকোর্টের
৭ জানুয়ারি শুক্রবার নেতাইয়ে যাওয়ার পথে তাঁকে বাধা দিয়েছিল প্রশাসন। সেই সময়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আদালতে (Court) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিন সেই বিষয়টি নিয়ে হাইকোর্টের (High Court) দ্বারস্থ তিনি। সঙ্গে যুক্ত হল অপর এক অভিযোগও। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

নেতাই নিয়ে আগেই গিয়েছিলেন হাইকোর্টে
তাঁকে যে রাজ্য প্রশাসন নেতাইয়ে যেতে দেবে না, তা আন্দাজ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের তরফে তাঁকে সব রকমের নিরাপত্তা দিয়ে নেতাই পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেখানে শহিদ পরিবারগুলির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। যদিও ৭ জানুয়ারি শুভেন্দু অধিকারী নেতাই পৌঁছতে পারেননি। স্থানীয় প্রশাসনের বাধাতেই এই পরিস্থিতি, অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। এর জন্য জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারদের যে তিনি হাইকোর্টে নিয়ে যাবেন, সেই হুঁশিয়ারিও দিয়েছিলেন।

অনুমতির প্রশ্ন নেই, বলেছিলেন অ্যাডভোকেট জেনারেল
নেতাই যাত্রার আগে, বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন, নেতাই কেন, রাজ্যের যে কোনও জায়গায় যেতে পারেন বিরোধী দলনেতা। তার জন্য আলাদা করে অনুমতির প্রয়োজন নেই। আদালতে তিনি আরও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে কোনও জায়গায় সড়ক পথে যেতে পারেন, তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করার দায়িত্ব রাজ্য সরকারের।

নেতাইয়ের যাত্রা পথে বাধা নিয়ে হাইকোর্টে শুভেন্দু
তাঁর সফর সূচিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। জেট ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন বারবার তাঁর সফরে বাধা তৈরি করা হচ্ছে সেই প্রশ্ন বিচারপতির সামনে রেখেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এছাড়াও বাঁকুড়া এবং কাঁথিতেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। রাজ্য সরকার বিরোধী দলনেতাকে নিয়ে উদাসীন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি আদালতের নির্দেশ না মানারও অভিযোগ তোলা হয়।

বাড়ির সামনে ক্লোজ সার্কিট টিভি বসানোর অভিযোগ
কাঁথিতে তাঁর বাড়ির সামনে মধ্য রাত পর্যন্ত মাইক বাজানোর অভিযোগও এদিন আদালতে জানান শুভেন্দু অধিকারীর আইনজীবী। পাশাপাশি বাড়ির দরজা, জানালা লক্ষ্য করে সিসিটিভি লাগানোর অভিযোগও করা হয়। বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে হলফনামা দেবে রাজ্য সরকার। সেই সময় বিচারপতি রাজ্য সরকারকে এক সপ্তাহ সময় দেন। ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications