High Court On Para Teachers: পার্শ্ব শিক্ষকদের বেতনে বৈষম্য কেন? রাজ্য ও কেন্দ্রের হলফনামা তলব হাইকোর্টের
High Court On Para Teachers: প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে কর্মরত রয়েছেন পার্শ্ব শিক্ষকরা। যাঁরা দীর্ঘ কয়েক বছর ধরে সম কাজে সম বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতকরণের দাবি জানিয়ে আসছেন।
পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের বেতনে বৈষম্য কেন রয়েছে? কলকাতা হাইকোর্টে আজ এমন প্রশ্নেরই মুখে পড়তে হলো রাজ্য সরকারকে।

রাজ্য বিধানসভায় গত মঙ্গলবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্যারা টিচারদের বেতন পরিকাঠামো প্রসঙ্গে। তিনি বলেন, ১৭-১৮ বছর ধরে প্যারা টিচাররা শিক্ষাদানের কাজে নিয়োজিত। এমনকী স্কুলছুটদের স্কুলে ফেরানোর কাজও তাঁরা করে থাকেন। বর্তমানে যা মূল্যবৃদ্ধি হয়েছে তাতে প্যারা টিচারদের সম কাজে সম বেতন চালু করা উচিত।
আজ পার্শ্ব শিক্ষকদের প্রতি বঞ্চনার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানতে চাইল, প্যারা টিচারদের বেতন এত কম কেন? বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, কীভাবে একজন অশিক্ষক কর্মীর (গ্রুপ ডি ও গ্রুপ সি) থেকেও প্যারা টিচাররা কম বেতন পেতে পারেন? বেতন কাঠামোতে এতো খামতি কীসের?

এরপরই এ বিষয়ে কেন্দ্র, সর্বশিক্ষা মিশন এবং রাজ্যকে হলফনামা তলব করে আদালত। আদালতের প্রশ্ন, রাজ্য কীভাবে একজন অশিক্ষক কর্মীর থেকে প্যারা টিচারদের কম বেতন দিচ্ছে! প্যারা টিচাররা শিক্ষক হয়েও এতো কম বেতন কেন পান, সেটাও স্পষ্ট নয়।
মামলাকারীদের অভিযোগ, মানুষ গড়ার কারিগর হিসেবে যে শিক্ষক সমাজকে গণ্য করা হয়, সেই শিক্ষক সমাজের মধ্যেও রয়েছে হাজারো বৈষম্য। প্যারা টিচার হওয়ার কারণে তাঁরা অশিক্ষক কর্মীদের থেকেও কম বেতন পান।
এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, কেন্দ্র যদি সর্বশিক্ষা মিশনের প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেয়, তবে অন্য রাজ্যে প্যারা টিচারদের বেতন বেশি হলেও এই রাজ্যে কম কেন?
রাজ্য জানায়, সর্বশিক্ষা মিশনের খাতে কেন্দ্র যে ৬০ শতাংশ টাকা দেয় তা ইতিমধ্যেই কমিয়ে দেওয়া হয়েছে। সে কারণেই বেতনের এই বৈষম্য।












Click it and Unblock the Notifications