ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা হবে না বিধানসভায়, জানালেন স্পিকার, ওয়াকআউট শুভেন্দু, অগ্নিমিত্রাদের
রাজ্য বিধানসভায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে। এই দাবি তুলেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার সেই দাবি মানতে চাননি। তার ফলে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারীরা। বিধানসভার গেটের বাইরে ফের 'চোর' স্লোগান তুললেন বিজেপির বিধায়করা।
মঙ্গলবার অধিবেশন বসার পর থেকেই বিধানসভায় উত্তাপ বাড়তে থাকে। বিজেপি বিধায়করা একাধিক প্ল্যাকার্ড নিয়ে এসেছিলেন। কেন্দ্রের রিপোর্টে বাংলার দুর্নীতির কথা উল্লেখ রয়েছে। সেই ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে। এই দাবি তোলা হয় শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই আলোচনা করতে রাজি হননি। ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। অধ্যক্ষ জানিয়ে দেন এই নিয়ে আলোচনা করা যাবে না। শুভেন্দু অধিকারী অধ্যক্ষের কাছে প্রশ্ন করেন, কেন এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না?
অধ্যক্ষ বলেন, এই বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনও প্রয়োজন নেই। এরপরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রত্যেকের হাতেই ছিল একটি করে প্ল্যাকার্ড। মূলত লেখা আছে, ক্যাগ রিপোর্ট নিয়ে তদন্ত চাই। স্লোগান চলছে, দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই দরকার। বিধানসভায় টানা বিক্ষোভ চলছে বিজেপির। বিধানসভায় ওয়াক আউট করে বিক্ষোভ বিজেপি পরিষদীয় দল।
বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। 'চোর' স্লোগান ফের তোলা হয়। রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় বিধানসভার গেটে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অভিযোগ করেছেন, স্পিকার বরাবর পক্ষপাতমূলক আচরণ করেন। বিরোধীদের কথা কখনওই শোনা হয় না।
রিপোর্ট নিয়ে কেন আলোচনা করা যাবে না? তার কোনও যথাযথ উত্তর স্পিকার দিতে পারেননি। সরকারের শেখানো বুলি স্পিকারের থেকে পাওয়া যায়। এমনই অভিযোগ করেছেন বিজেপি বিধায়করা।












Click it and Unblock the Notifications