এডিএমের গাড়িতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে গেল বাস, দেহরক্ষী-চালকসহ মৃত ৪
বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক নবকুমার বর্মন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময়ে একটি বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর গাড়ির।
মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বাঁকুড়ায় অতিরিক্ত জেলাশাসকের গাড়ি। বাসের সঙ্গে সংঘর্ষে অতিরিক্ত জেলাশাসকের গাড়ির চালক ও দেহরক্ষী-সহ মৃত্যু হল চারজনের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অতিরিক্ত জেলাশাসক নবকুমার বর্মন। তিনি গুরুতর জখম হয়েছেন।
রবিবার বাঁকুড়ার তালডাংরার শিবডাঙায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত জেলাশাসকের গাড়ির সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় নয়ানজুলিতে। বাসের দুই মহিলা যাত্রীর মৃত্যু হয় এই দুর্ঘটনায়। জখম হন ২৩ জন বাসযাত্রী।

এদিন দুপুরে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক নবকুমার বর্মন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময়ে একটি বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর গাড়ির। বেপরোয়া গতিতে ছুটে চলা বাসের ধাক্কায় ছিটকে পড়ে স্করপিও গাড়িটি। ওই গাড়িতেই ছিলেন অতিরিক্ত জেলাশাসক নবকুমার বর্মন, তাঁর দেহরক্ষী। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হল এডিএমের দেহরক্ষীর।
বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা জানান, এডিএম সাহেব সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। তাঁর চোট লেগেছে। তবে তা ভয়ের কিছু নয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অতিরিক্ত জেলাশাসকের গাড়িতে ধাক্কা মরার পর বাসটিও উল্টে যায় নয়ানজুলিতে।
দুর্ঘটনায় পড়া বাসভর্তি যাত্রীদের উদ্ধারকার্যে ছুটে আসেন স্থানীয়রাই। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয় দুই মহিলার মৃতদেহ।












Click it and Unblock the Notifications