বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় আহত বেড়ে আট, চিকিৎসার দায়িত্ব নিয়েছে রেল
রবিবার সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনায় আহত যাত্রীর সংখ্যা বেড়ে আটজন হয়েছে বলে খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, আহতদের মধ্যে পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ। দুর্ঘটনার খবর পেয়েই তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান, এবং পরিবারবর্গকে আশ্বস্ত করেন।
ডিআরএম কাপুর আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আহত যাত্রীদের চিকিৎসার দায়িত্ব নেবে রেল। প্রয়োজন হলে বর্ধমান মেডিক্যালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের রেলের হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। আহতদের চিকিৎসার সমস্ত খরচও রেল বহন করবে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ডিআরএম আহতদের সুস্থ করে তোলার ওপরই জোর দিয়েছেন। কেন এই ঘটনা ঘটল সেই বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। শুধু জানিয়েছেন, রেল এই বিষয়ে বিস্তারিত তদন্ত করবে। ছুটির দিন সন্ধ্যায় যাত্রীদের চাপ তুলনামূলক কম থাকা সত্ত্বেও এমন ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হবে।
ঘটনাচক্রে একইসঙ্গে রবিবার সন্ধ্যায় তিনটি ট্রেন ধরতে যাওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। সরু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হওয়ায় ভিড়ের চাপে এই ঘটনা ঘটেছে বলে অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এখন সঠিক কারণ রেলের তদন্তে উঠে আসার অপেক্ষা।












Click it and Unblock the Notifications