Buddhadeb Bhattacharya Health Updates: চিকিৎসায় কিছুটা উন্নতি, ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধবাবুকে
সিটি স্ক্যান, রক্ত পরীক্ষার পর ভেন্টিলেশন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে বের করে আনার সিদ্ধান্ত নিলেন িচকিৎসকরা। গতকাল থেকে একটু সুস্থ তিনি। তবে একেবারেই বিপদমুক্ত এমনটাও বলা যাচ্ছে না। ব্যাক্টেরিয়াল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।
দুটি ফুসফুসেই রয়েছে সংক্রমণ। গতকাল রাত থেকে আর জ্বর আসেনি। আচ্ছন্ন ভাবটাও কেটে গিয়েছে। ইশারায় চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সকালে সিটি স্ক্যান করে ফুসফুসের সংক্রমণের মাত্রাটা জানতে পেরেছেন চিকিৎসকরা। সিটি স্ক্যানে দেখা গিয়েছে অ্যান্টিবায়োটিক কাজ করেছে। ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমেছে।

আজ বিকেলের মধ্যেই তাঁকে ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। ভেন্টিলেশন থেকে বার করা হলেও তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে। ক্রিয়েটিনিনের মাত্রাও অনেকটা নেমে এসেছে। যেকটি রক্তের পরীক্ষা করা হয়েছে সবকটি ইতিবাচক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখুনই তাঁরা পুরো পুরি ঝুঁকি নিতে চাইছেন না। ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে বের করে কীভাবে চিকিৎসা দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করছে মেডিকেল বোর্ড।
শনিবার প্রবল শ্বাসকষ্ট এবং জ্বর নিয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অত্যন্ত সংকট জনক ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণের কারণে শ্বাস নিতে পারছিলেন না। প্রথমে তাঁকে অক্সিজেন দিতে হয়। তারপরে তাঁকে ভেন্টিলেশনে দেন চিকিৎসকরা। রাইলস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছিল। ভেন্টিলেশনেই একটা দিন রাখার পর চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। সিওপিডিতে আক্রান্ত তিনি। সেকারণে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভয়ে ছিলেন িচকিৎসকরা।
এদিকে আজ আবার বুদ্ধবাবুকে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় নিজের ঘরে সেকথা জানিয়েছেন। গতকাল তিনি ফোনে খোঁজ নিয়েছিলেন বুদ্ধবাবুর। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন বিমান বসু। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন বুদ্ধবাবুকে দেখতে।












Click it and Unblock the Notifications