ভারত-বাংলাদেশ সীমান্তে ছাত্রছাত্রীদের পাশে বিএসএফ! কী কী সুবিধা করে দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা
বাংলাদেশে সংরক্ষণ নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় সেখান থেকে ভারত ছাড়াও নেপাল-ভূটান ও মালদ্বীপের ছাত্রছাত্রীরা ফিরছেন স্থলপথে, চেকপোস্ট পেরিয়ে। সেক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয় ছাত্রছাত্রীদের সহায়তার জন্য পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশে সুপ্রিম কোর্টের আদেশের পরেও সেখানকার ছাত্রছাত্রীরা তাঁদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। সংরক্ষণ নিয়ে গেজেট প্রকাশের দাবি-সহ বেশ কয়েকটি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে।

বাংলাদেশের রাজপথে ব্যাপক হিংসার ছবিতে সেখানে থাকা ভিনদেশের নাগরিক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করেছে। যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, বিএসএফ এই দুস্থ ও হতাশ ছাত্রদের জন্য আশার আলো হয়ে আবির্ভূত হয়েছে।
বিএসএফের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ সীমান্তে আগত সব ছাত্রছাত্রীকে ব্যাপক সহায়তা প্রদানের জন্য বিশেষ সহায়তা কাউন্টার খোলা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার ওপর অশান্তির প্রভাব বুঝতে বিএসএফ তাদের উদ্বেগ এবং ভয় মোকাবেলায় সহায়তা করতে চিকিৎসকদের দিয়ে কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে।
এছাড়াও বিএসএফের গাড়িতে তাদের নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়ার আগে সীমান্তে ছাত্রছাত্রীদের গরম খাবারের বন্দোবস্তও করা হচ্ছে।
দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ মুখপাত্র ডিআইজি একে আর্য বলেছেন, তারা আইসিপি পেট্রাপোল, এলসিএস মাহাদিপুর, ঘোজাডাঙ্গা এবং গেদে-এর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি)সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সুপরিকল্পিত ও সমন্বিত অভিযান নিশ্চিত করতে দুই সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে যোগাযোগের চ্যানেলগুলো সক্রিয় করা হয়েছে। পারস্পরিক সহযোগিতায় বিজিবি ছাত্রছাত্রীদের নিরাপদে আন্তর্জাতিক সীমান্তে নিয়ে আসছে, তারপর তাঁদের বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications