বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বিএসএফের, পাঁচ কোটি টাকা মূল্যের সোনা সহ ধৃত এক চোরাচালানকারী
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ। সোমবার বিএসএফের তরফে এই তথ্য জানানো হয়েছে।
বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জওয়ানরা নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সুন্দর বর্ডার আউটপোস্টের কাছে ওই ব্যক্তিকে আটক করে। তার কোমর থেকে লুকোনো ৩৫টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

বিএসএফ-এর এক মুখপাত্র জানান, ধানতলা থানা এলাকার হরিতলাপাড়া গ্রামের বাসিন্দা ওই অভিযুক্তের থেকে উদ্ধার হওয়া সোনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে। এত বিপুল পরিমাণ মূল্যের সোনা সহ গ্রেফতারে এলাকায় চাঞ্চল্য পড়ে গিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত সোনা চোরাচালানে জড়িত। একটি চক্র সম্পর্কেও সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিএসএফকে দিয়েছে। আধিকারিকেরা জানিয়েছেন, ওই তথ্য যাচাই করা হচ্ছে।
গত কয়েকবছরে আধুনিক প্রযুক্তি সহ নিবিড় নজরদারির ফলে সীমান্তে অবৈধ কারবার, চোরাচালান আগের থেকে অনেক কমেছে। আর সেই সূত্র ধরেই এতবড় অঙ্কের সোনা চোরাচালান রুখল বিএসএফ।












Click it and Unblock the Notifications