বাংলা বললেই ‘বাংলাদেশি' তকমা?আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলত! মতুয়াগড়ে বিজেপিকে আক্রমণ মমতার
মতুয়াগড় ঠাকুরনগরের মঞ্চে দাঁড়িয়ে আবারও তপ্ত রাজ্য রাজনীতি। সামনেই বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই এসআইআর ইস্যুতে বাংলার আবহ যেন আরও উত্তাল। মঙ্গলবারের সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন, অভিযোগ তুললেন আজ বাংলায় কথা বললেই মানুষকে 'বাংলাদেশি' তকমা দেওয়া হচ্ছে।
মঞ্চে দাঁড়িয়েই তৃণমূলনেত্রীর স্পষ্ট বক্তব্য, "বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? আমি বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলত!"এই এক বাক্যেই যেন জনতার সামনে তুলে ধরলেন তাঁর ক্ষোভ, উদ্বেগ ও ভাষাগত অসম্মান নিয়ে তৃণমূলের অবস্থান।

তৃণমূলের দাবি, দেশের নানা প্রান্তে শুধুমাত্র বাংলা বলার কারণে বাংলাভাষীরা অপমান ও হেনস্তার শিকার হচ্ছেন। কোথাও চলছে নির্বিচারে ধরপাকড়, কোথাও অফিসের কাজে বাংলায় কথা বললে 'বাংলাদেশি' আখ্যা এই পরিস্থিতিকে ভাষা অস্মিতার সরাসরি আঘাত বলেই ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী।
এসআইআর প্রক্রিয়া নিয়েও তুললেন প্রশ্ন। তাঁর কথায়,
"এসআইআর করতে তিন বছর লাগে। আপনারা দুইমাসে শেষ করতে চাইছেন কেন? কোনও বৈধ ভোটার যাতে বাদ না পড়ে, আমরা শুধু এটুকুই বলেছি।"
নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এসআইআর করানো এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করলেন।
ভাষা বা পরিচয়ের ভিত্তিতে কাউকে ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে কঠোর সুরে মমতা বলেন,
"আমি থাকতে বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। ভয় পাবেন না, বিজেপি ভয় দেখিয়ে রাজনীতি করছে।"
বাংলা, বাঙালি পরিচিতি ও ভাষা অস্মিতা এই তিন ইস্যুকেই সামনে রেখে মতুয়াগড়ে ফের একবার রাজনৈতিক সুর তীক্ষ্ণ করলেন মুখ্যমন্ত্রী। আর সেই সুর বাংলার রাজনীতিকে আরও কয়েক ধাপ চড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications