প্রেমদিবসে মেয়ের প্রেমিককে বিষ খাইয়ে মারার চেষ্টা মেদিনীপুরে
পছন্দ নয় মেয়ের প্রেমিককে। তাই মেয়ের বাড়ির লোক ওই যুবককে মারধর করে তাকে বলে ওই সম্পর্ক ভেঙে দিয়ে মেয়ের জীবন থেকে চলে যেতে। রাজী হয়নি ওই প্রেমিক যুবক। তাই তাকে মারধর করার পরে বিষ খাইয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছে ওই মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে যে রতন মান্না নামে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় তমলুকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার ভগবানপুরের মহম্মদপুরের শিলাখালির এই ঘটনাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রেমের দিবসে এই ঘটনাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে যে রতনের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক আছে এই কথা জানার পর তা মেনে নিতে পারেন নি ওই মেয়েটির পরিবারের সদস্যরা। তারা মেয়ের প্রেমিকের বাড়িতে গিয়ে হামলা চালায়। রতনকে বলে সম্পর্ক ভেঙে দিয়ে ওই মেয়েটিকে ভুলে যেতে। কিন্তু রতন বলে যে সে ওই সম্পর্ক ভাঙবে না এবং পিছিয়ে আসবে না। এই কথা বলার পরেই তাকে মারধর করা হয়।
সেই সময়েও নিজের অবস্থান না বদলানোর কথা বললে তার প্রেমিকার বাড়ির লোকজন রতনের মুখে বিষ ঢেলে দেয়। রতনকে খুনের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে। আশঙ্কাজনক অবস্থায় তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রতন।












Click it and Unblock the Notifications