বীরভূমের জেলা শাসকের বাংলোর সামনে বোমাবাজি, ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত
বীরভূমের জেলা শাসকের বাংলো লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।
বীরভূমের জেলা শাসকের বাংলো লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তার খোঁজ চলছে বলে জানান বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং। এই ঘটনায় ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল জানান যে ধৃতরা সকলেই বালি ব্যবসার সঙ্গে জড়িত। অবৈধভাবে চলা বালি খাদানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কারণে তারা রাগে জেলা শাসকের বাংলো ছাড়াও এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে বলে স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আসগর মোল্লা, কুতুবুদ্দিন, সেখ জয়নাল ও সেখ আনোয়ার। এদের সাথে কারা জড়িত তার খোঁজ চলছে।
জেলার পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছে যে অবৈধভাবে চলা বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া হবে।
সোমবার রাতে বীরভূমের জেলা শাসকের বাংলো ছাড়াও এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়।
পুলিশ ও জেলা প্রশাসনের ধারণা সম্প্রতি বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা বসু বালি মাফিয়া এবং যারা বালি নিয়ে বেআইনি কারবার করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছেন। ওই বেআইনি বালি কারবারিরা ওই বোমাবাজির সঙ্গে যুক্ত।
সিউড়ির নতুনপল্লী এলাকায় জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের বাংলো। সেখান এমনিতেই নিরাপত্তা জোরদার থাকে। সেখানে কী করে বাইরের লোক এসে বোমাবাজি করে তা নিয়ে প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications