চার দিন পরেও অনিশ্চিত মৃতের সংখ্যা! আনন্দপুরে এখনও পর্যন্ত উদ্ধার ২৫ জনের দেহাংশ, উদ্ধারকার্য চলছে জোরকদমে
আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়েছে। তারপরেও ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গতকাল আরও চারজনের দেহাংশ উদ্ধার হয়েছে। এই নিয়ে মোট উদ্ধার হওয়া দেহাংশের সংখ্যা দাঁড়াল ২৫। আজ সকাল থেকে আবারও নতুন করে উদ্ধারকার্য শুরু হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে, আরও দেহাংশ পাওয়া যেতে পারে।

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু'টি গুদাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে রয়েছে গোটা এলাকা। আজ সকালে গোডাউন চত্বরে কড়া পুলিশি প্রহরাও দেখা গিয়েছে। গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে এবং ১৬৩ ধারা জারি রয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ২৫ টি মৃত দেহাংশের মধ্যে এখনও পর্যন্ত ২১টি দেহাংশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাকি চারটি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আগুনে গুদামটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধারকার্যে বিভিন্ন রকমের সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এদিকে কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ আনন্দপুরে প্রতিবাদ মিছিল করবেন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ অনুসারে, সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত কর্মসূচি করা যাবে এবং সবচেয়ে বেশি ২০০০ জন পর্যন্ত অংশ নিতে পারবেন। গতকাল শুভেন্দু দাবি করেছিলেন যে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। তাঁর মতে, প্রকৃত সংখ্যা ৩৫ থেকে ৪০-এর কাছাকাছিও হতে পারে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় ডেকরেটর্সের গুদামের মালিক গঙ্গাধর দাসকে গাফিলতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। সেইসঙ্গে, উদ্ধারকার্য এবং তদন্তের দিকেও তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।












Click it and Unblock the Notifications