বিধানসভায় হাজিরা খাতায় সই করতে হবে ববি হাকিম, ব্রাত্য বসুদের, কিন্ত কেন চালু এই নিয়ম?
রাজ্য বিধানসভায় এবার মন্ত্রী বিধায়কদের জন্য কড়া নিয়মকানুন। হাজিরা খাতায় সই করতে হবে তাঁদের। নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের উপস্থিতি জানাতে হবে। কখন বিধানসভায় তাঁরা ঢুকছেন। তাও নির্দিষ্ট করে লিখতে হবে। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে মন্ত্রী বিধায়কদের নিয়মানুবর্তিতার পাঠ দিতে শুরু করলেন?
রাজ্যে শুক্রবার বিধানসভায় এই নিয়ম শুরু হয়েছে। মন্ত্রী বিধায়কদের এবার থেকে উপস্থিতি দেখা হবে। কতদিন কারা উপস্থিত থাকছেন? কতক্ষণ তাঁরা বিধানসভায় সময় দিচ্ছেন? এই বিষয়ে নজর রাখবে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার থেকে হাজিরা খাতায় সই শুরু হয়েছে।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে এই হাজিরা খাতা থাকছে। সেখানেই মন্ত্রী বিধায়করা একে একে গিয়ে সই করছেন। আজ শুক্রবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হল। আগামী সাতদিন এই হাজিরা খাতা চলবে। বিধায়কদের উপস্থিতি সম্পর্কে এরপর মুখ্যমন্ত্রীর কাছে তথ্য পাঠানো হবে বলে খবর।
মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, তাপস রায় সহ একাধিক মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন। তাঁরা লাইন দিয়ে পরপর সই করেছেন ওই হাজিরা খাতায়। তবে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম এই নিয়ম মানতে চাননি। তাঁরা স্কুলের বাচ্চা না কি? এইভাবে হাজিরা খাতায় সই করতে হচ্ছে? এই বিষয়ে কিছুটা বিরূপ মতপোষণ করেছেন তিনি।
মলয় ঘটক জানিয়েছেন, ১১ বছর ধরে তিনি বিধানসভায় রয়েছেন। কখনও কামাই হয়নি তাঁর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্দিষ্ট সময়ে এসে খাতায় সই করেছেন। এই সই করার বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শাসক শিবিরে। কয়েকজন এই নিয়ম মানতে খুব একটা আগ্রহী নন। অনেকে আবার সাদরে গ্রহণ করেছেন এই বিষয়টি।
কেন এই নিয়ম চালু হল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনও কারণে ক্ষুব্ধ হয়েছেন? জানা গিয়েছে, একাধিকবার বিধানসভা অধিবেশনে দেখা যায় বিধায়ক মন্ত্রীদের উপস্থিতি সংখ্যা অনেকটাই কম। শাসকদলের মন্ত্রী বিধায়কদের অনেকেই বিধানসভায় উপস্থিত থাকেন না। মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন।
অধিবেশন চলাকালীন সকলকে উপস্থিত হতে হবে। এই বক্তব্য মুখ্যমন্ত্রীর তরফে ছিল। কিন্তু তারপরেও সেই কথা অনেক ক্ষেত্রে শোনা হয়নি। সে কারণে এবার এই খাতায় সই করার সিদ্ধান্ত নেওয়া হল। এমনই জানা গিয়েছে।
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময়ে মন্ত্রী বিধায়করা উপস্থিত হচ্ছেন না। মানুষ তাঁদের জনপ্রতিনিধি করেছেন। কিন্তু তাঁরা উপস্থিত থাকেন না বিধানসভায়। সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications