কালো আকাশ, উত্তাল দিঘার সমুদ্র, পাড়ে ভাঙছে বিশাল ঢেউ
জোড়া নিম্নচাপের ফলায় ভাসছে বাংলার দক্ষিণবঙ্গ। কলকাতা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়ে চলেছে। দিঘা সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও একই পরিস্থিতি। এদিকে দিঘা মন্দারমণির সমুদ্রে শুরু হয়েছে তীব্র জলোচ্ছ্বাস। পর্যটকরা খুশি হলেও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকছে স্থানীয় পুলিশ প্রশাসন।
শনিবার থেকেই সমুদ্র উপকূলের আবহাওয়া বদলে গিয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। পাশাপাশি কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। দমকা ঠান্ডা হাওয়া গোটা এলাকাজুড়ে। শনিবার থেকেই রাজ্যে ছুটির আবেশ শুরু হয়ে যায়। শনি থেকে সোমবার তিন দিন অফিস কাছারি ছুটি ছিল। ফলে বহু পর্যটক দিঘা মন্দারমণি শঙ্করপুরের ছুটি কাটাতে আসেন।

পর্যটকদের চাপ এই তিন দিন সমুদ্র উপকূলে ভালোই ছিল। ফলে বাড়তি নজরদারি ছিল পুলিশ প্রশাসনের। মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া আরো কিছুটা খারাপ হয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। তার সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। এই পরিস্থিতিতে দিঘায় মঙ্গলবার সকাল থেকে জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। তিরেভএসে ভাঙছে একের পর এক ঢেউ। কোনওভাবেই পর্যটকদের জলের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।
নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। মোটা দড়ি দিয়ে সি বিচ এলাকা ঘিরে দেওয়া হয়েছে। কেউ যাতে দড়ির ওপাড়ে যেতে না পারে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। মাইকিং চলছে বিভিন্ন সময়। পর্যটকদের সমুদ্রে নামতে কড়া নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোস্টাল থানা থেকে নজরদারি চলছে। দিঘার রাস্তাতেও ঢেউ এসে পড়ছে বলে খবর। তাই নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি।
সমুদ্রে নামা এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ। আবহাওয়ার উন্নতি না হলে সমুদ্র স্নান পর্যটকরা করতে পারবেন না। একথা জানিয়ে দেওয়া হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবারেই ছুটি কাটিয়ে বহু পর্যটক পরিবার নিয়ে ফিরে গিয়েছেন। মঙ্গলবার হাতে গোনা পর্যটক রয়েছেন দিঘাতে। তারা সমুদ্রের এই রূপ দেখে যথেষ্টই খুশি। ছাতা মাথায় দিয়ে সমুদ্রের ধারে রাস্তায় পর্যটকদের দেখতে পাওয়া গিয়েছে। সমুদ্রের জলোচ্ছ্বাস মোবাইল ফোনবন্দি করতে তারা ব্যস্ত।
গত মাসে খারাপ আবহাওয়ার সময় সমুদ্রে নেমে পাঁচজন তলিয়ে যায় মন্দারমণিতে। দিঘাতেও এমন দুর্ঘটনার খবর পাওয়া যায়। এবার যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। একথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications