নয়া জেলা সভাপতির নাম ঘোষণা হতেই বিদ্রোহ উত্তরে! শাহের বঙ্গ সফরের আগেই নয়া রাজ্য সভাপতি বিজেপিতে?
Bengal BJP: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) । হাতে আর কয়েকটা মাস! ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল। এবার সংগঠনকে ঢেলে সাজাতে শুরু করে দিল বঙ্গ বিজেপিও। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে খুব শীঘ্রই সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল হতে পারে। সেই জল্পনা সত্যি করে শুক্রবার ২৫ টি সাংগঠনিক জেলার সভাপতি পদে নাম ঘোষণা করল বঙ্গ বিজেপি নেতৃত্ব।
যেখানে ১৭ জন নতুন মুখকে আনা হয়েছে জেলা সভাপতি পদে আনা হয়েছে বলে জানা যাচ্ছে। ৮ জন পুরানো জেলা সভাপতির উপরেই বঙ্গ বিজেপি ভরসা রেখেছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এখনও পর্যন্ত ১৮টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারল না বঙ্গ বিজেপি (Bengal BJP) ।

যদিও এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ৩৯ টি সাংগঠনিক জেলার সভাপতি কে হবেন সেই সংক্রান্ত নাম চূড়ান্ত। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের নেতৃত্বে দু'দিন ধরেই এই সংক্রান্ত বৈঠক হয়। আর সেখানেই এহেন দাবি করা হয়। এরপরেও তাহলে কেন শুধুমাত্র ২৫ টি সাংগঠনিক জেলার সভাপতি পদের নাম ঘোষণা করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
Bengal BJP: নাম ঘোষণা হতেই বিদ্রোহ
নয়া জেলা সভাপতি হিসাবে নাম ঘোষণা হতেই বিদ্রোহ জলপাইগুড়ি বিজেপিতে। সাংঠনিক রদবদলে একাধিক নতুন মুখকে জেলা সভাপতির পদ দেওয়া হয়েছে। তেমনই জলপাইগুড়ি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামল রায়কে। আর এরপরেই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ বিক্ষুব্ধ গোষ্ঠীর।
তাঁদের অভিযোগ, এসি ঘরে বসে জেলা সভাপতির নাম চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে দলের কর্মীকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে আগামী সোমবার থেকে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি। প্রাক্তন জেলা সভাপতির অভিযোগ, নতুন জেলা সভাপতি আরএসপি, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কর্মীদয়ের আবেহকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি বলেও দাবি।
Bengal BJP: নতুন রাজ্য সভাপতি শীঘ্রই
বঙ্গ বিজেপিতে নয়া রাজ্যসভাপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে গত কয়েকদিন ধরেই। এই বিষয়ে দফায় দফায় অমিত শাহও বৈঠক করেছেন। এমনকী সামনেই শাহের বঙ্গ সফর আছে। আর তার আগেই নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে জল্পনা। বিশেষ করে সাংগঠনিক স্তরে রদবদলের পরে এই প্রশ্ন আরও জোরাল হয়েছে।
তথ্য অনুযায়ী, রাজ্যসভাপতি নির্বাচনের ক্ষেত্রে ২৪ জন জেলা সভাপতির মত খুবই গুরুত্বপূর্ণ। মোট সাংগঠনিক জেলা ৪৩ টি। শুক্রবার ২৫ টি জেলার সভাপতি পদে নাম ঘোষণা করা হল। এরপরেই প্রশ্ন উঠছে তাহলে খুব শীঘ্রই রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে?












Click it and Unblock the Notifications