বিজেপি কর্মীরা নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীর প্রচারে! প্রার্থী-বিদ্রোহ বইছে অন্যখাতে
বিজেপি কর্মীরা নেমে পড়েছেন তৃণমূল প্রার্থীর প্রচারে! প্রার্থী-বিদ্রোহ বইছে অন্যখাতে
তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই টিকিট পেয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। কিন্তু তাঁকে মেনে নিতে পারেননি এলাকার আপামর বিজেপি নেতা-কর্মীরা। তাই উলটপুরান ঘটিয়ে বিজেপি কর্মীরা প্রচার চালাচ্ছেন তৃণমূলের হয়ে। প্রার্থী-বিদ্রোহকে একেবারে অন্যখাতে বইয়ে দিয়েছে কালনা বিজেপির কর্মীরা।

প্রতিপক্ষ প্রার্থীকেই খোলাখুলি সমর্থন বিজেপি কর্মীদের
পূর্ব বর্ধমানের কালনায় এবার বিজেপির প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ কুণ্ডুকে। গেরুয়া শিবিরের এই প্রার্থীকে মানছেন না তাঁর দলের নেতা-কর্মীরাই। ভোট ময়দানে কার্যত তিনি একা। এলাকার বিজেপি কর্মীরা তাঁর বিরুদ্ধেই প্রচার করছেন। অন্য কোনও নেতাকে প্রার্থী করেননি, প্রতিপক্ষ শিবিরের প্রার্থীকেই খোলাখুলি সমর্থন করছেন তাঁরা।

প্রার্থীর গ্রহণযোগ্যতা নেই, ভাবমূর্তিও উজ্জ্বল নয়
বিজেপি কর্মীদের কথায়. দলের যিনি প্রার্থী হয়েছেন, তাঁর গ্রহণযোগ্যতা নেই, ভাবমূর্তিও উজ্জ্বল নয়। তাঁরা মূলত আন্দোলন করে এসেছেন ওই বিধায়কের বিরুদ্ধেই। এখন তাঁর হয়ে কী করে প্রচার করা সম্ভব। আমরা তাই এতদিন যাঁর বিরুদ্ধে প্রচার করেছি, এখনও তাঁর বিরুদ্ধে প্রচার করব। বিশ্বজিৎ কুণ্ডুকে হারানোই আমাদের লক্ষ্য।

তৃণমূলের সমর্থনে বিজেপি, কার্যত একা প্রার্থী
বিজেপি স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, দাগী মানুষটিই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসেছে। এই ভোটে তাঁকে সমর্থ করলে মানুষের কাছে জবাবদিহি করব কী! তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই প্রার্থীর বিরুদ্ধে আমরা রাজ্যের শাসকদলের পক্ষে প্রচার করব। তৃণমূলের সভাতেও তাই বিজেপিকর্মীদের ভিড় দেখা যাচ্ছে। আর কার্যত একা হয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু।

টেট কেলেঙ্কারিতে বিধায়ক, আন্দোলন করেছিল বিজেপি
বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ, তাঁর নাম জড়িয়েছিল টেট কেলেঙ্কারিতে। পরিবারের একাধিক সদস্য ও ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। মোটা টাকার বিনিময়ে ঘনিষ্ঠদের চাকরি করে দিলেও, তিনি এলাকার অনেক তরুণ-তরুণীকে চাকরি দিতে ব্যর্থ হন। এর ফলেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধে।

বিজেপিকর্মীরা বিদায়ী বিধায়ক-প্রার্থীর বিরুদ্ধে প্রচারে
একুশের নির্বাচনের মুখে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু শুভেন্দুর হাত ধরে বিজেপিতে জায়গা করে নিতে সফল হন তিনি। আর বিজেপিতে যোগ দেওয়ার পরই টিকিটও পেয়ে যান বিধানসভা নির্বাচনে লড়ার। তাই তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা বিজেপিকর্মীরা বিদায়ী বিধায়কের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েন শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে।












Click it and Unblock the Notifications