বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি! হতাশ না হয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরুর ডাক মোদীর
হতাশ না হয়ে বিধানসভা নির্বাচনের জন্য নেমে পড়ুন। পশ্চিমবঙ্গে থেকে নির্বাচিত বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রী মোদী বাংলার সাংসদদের বলেছেন, লোকসভা নির্বাচনে বাংলা থেকে আসন কমলেও বেশ কিছু জায়গায় বিজেপির ভোট বেড়েছে। বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিকূলতা সত্ত্বেও বাংলায় বিরোধীদল হিসেবে বিজেপির ভোট বৃদ্ধিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

কেন প্রধানমন্ত্রীর বৈঠক?
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের আলোচনার বিষয় ছিল উন্নত ভারতের জন্য উন্নত বাংলার প্রয়োজনীয়তা। প্রধানমন্ত্রী মোদী বাংলায় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বন্দ্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, দল এক দশক আগের তুলনায় রাজ্যে তাদের ভিত জোরদার করেছে।
বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি
প্রধানমন্ত্রী মোদী বাংলার বিজেপি সাংসদদের বলেছেন, রাজ্যের মানুষ বিজেপিকে মেনে নিয়েছে, এটাই বাস্তবতা। জনগণ বিজেপিকে আশীর্বাদ করেছে। তিনি বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাংলার মানুষের বিশ্বাস অর্জন করলেই বিজেপি সেখানকার জন্য উন্নয়ন, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবে।
প্রধানমন্ত্রীর আশ্বাস
প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, বাংলার জনগণের কল্যাণ তাঁর সরকারের বিষয়। সেই কারণে কেন্দ্র যে কোনও সহায়তা অগ্রাধিকারের ভিত্তিতে করবে।
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। সেই সময় প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সাংসদদের একাংশ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত দুই সাংসদ অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, এক সাংসদকে নিয়ে বিজেপির অভ্যন্তরে অস্বস্তি রয়েছে। তাই লোকসভার সাংসদদের নিয়েই বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে বাংলা থেকে বিজেপির নতুন সাংসদদের মধ্যে মনোজ টিগ্গা, কার্তিক পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে কীভাবে ভোট লুট হয়, আমলা থেকে সরকারি কর্মীরা প্রশাসনকে সাহায্য করেন, তাও সাংসদরা তুলে ধরেন এই বৈঠকে।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিজেপি বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে মাত্রা দুটি আসন পেয়েছিল। এরপর ২০১৯-এ তারা ১৮ টি আসন দখল করে। পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পায়। যদিও পরবর্তী সময়ে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির আসন সংখ্যা কমে। কিন্তু ২০২৪-এর নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ১২-তে নেমে গিয়েছে।












Click it and Unblock the Notifications