বিজেপি বুথে বুথে ঝান্ডা বওয়ার লোক চায় না, ভার্চুয়াল কর্মীরাই ভরসা পঞ্চায়েতে
সম্প্রতি বুথ সশক্তিকরণ কর্মসূচিতে নেমেছে বিজেপি। আসন্ন পঞ্চায়েত ও ২০২৪-এর লোকসাভা ভোটের আগে বিজেপি বুথকে শক্তিশালী করতে গিয়ে জোর দিচ্ছে ভার্চুয়াল কর্মী তৈরি করতে। বিজেপির অভাব এই মুহূর্তে বুথে বুথে ঝান্ডা বওয়া কর্মীর। কিন্তু তা না করে ভার্চুয়াল কর্মী তৈরিতেই জোর দিচ্ছে তারা।

বিজেপির সদস্যদের তালিকা তৈরির নির্দেশ
বিজেপি মনে করছে সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী করেই ভোট বৈতরণী পার করা যাবে। তাই স্মার্ট ফোন থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপির সদস্যদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় সেই নির্দেশিকা পাঠানোও হয়েছে।

ভার্চুয়াল কর্মীদের উপরই আস্থা বিজেপির
বিজেপি মনে করছে ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটার থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা কর্মী অনেক উপযোগী হবে বর্তমান সময়ে। আর ঝান্ডা নিয়ে জনসংযোগে বের হওয়ার মতো কর্মী না পাওয়া গেলেও ভার্চুয়াল কর্মী যে প্রচুর মিলবে, তা নিশ্চিত বিজেপি।

প্রতি বুথে অন্তত ৫০ জন কর্মীকে সক্রিয় চাই
রাজ্যের প্রতিটি বুথে কমিটি চাই। তাই কর্মীও চাই। তা না হলে কী করে হবে কমিটি। যদি কর্মীই না থাকে কারা থাকবেন কমিটিতে। এই অবস্থায় ভার্চুয়াল কর্মীদের দিয়ে সেই অভাব পূরণ করতে চাইছে বিজেপি। আপাতত প্রতি বুথে অন্তত ৫০ জন কর্মীকে সক্রিয় করার কথা বলা হয়েছে।

অর্ধেকে নেমে এসেছে বিজেপির কর্মী
একুশের ভোটে আশাভঙ্গ হওয়ার পর কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে বঙ্গ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছিল বুথস্তরের সংগঠন শক্তিশালী করতে হবে। কিন্ত তা হয়নি এই দু-বছরেও। একুশের বিধানসভার আগে ৭০ শতাংশ বুথে বিজেপির সক্রিয় কর্মী ছিল। এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে একাংশের দাবি।

দলের কথা মানুষের কাছে পৌঁছে দিতে
বিজেপি বহু কর্মী নানা কারণে নিস্ক্রিয় হয়ে রয়েছেন। এই অবস্থায় বঙ্গ বিজেপি ভার্চুয়াল কর্মীদের উপর ভরসা করে আসন্ন পঞ্চায়েত ভোটে লড়াইয়ে নামতে চাইছে। দলের কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন তারা। তাই সশরীরে না গিয়ে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেই কার্যসিদ্ধি হবে বলে মনে করছে বিজেপি।

মাঠে-ময়দানে নেমে রাজনীতি করার সুযোগ নেই
সেই নিরিখে যে সমস্ত ব্যক্তিরা পার্টির প্রচার করবেন অর্থাৎ ভার্চুয়াল কর্মী হবেন, তাদের নামের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। বঙ্গ বিজেপির দাবি, বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই। তাই মাঠে-ময়দানে নেমে রাজনীতি করার সুযোগও নেই। তাই ভরসা করতে হবে ভার্চুয়াল কর্মীদের উপরই।

প্রতি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করাই লক্ষ্য
বিজেপির রাজ্য সভাপতি অবশ্য মানতে নারাজ যে, গ্রামাঞ্চলের বুথে বুথে বিজেপির কর্মী নেই। তাঁর কথায়, বিজেপির ঝান্ডা বওয়ার মতো কর্মী যথেষ্ট রয়েছে। এখন তাদের ভার্চুয়াল কর্মী দরকার গ্রামের বুথগুলিতে। সেইমতো তারা বুথ শক্তিকরণ কর্মসূচি নিয়েছে। প্রতি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করাই হবে এই অভিযানের লক্ষ্য।

বিজেপি ‘সরল’ অ্যাপের মাধ্যমে নয়া অভিযানে
বিজেপি 'সরল' অ্যাপের মাধ্যমে এই অভিযান পরিচালনা করবে। ৪২টি সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডল, শক্তিকেন্দ্র ও বুথের হিসাব থাকবে এই অ্যাপে। প্রতি বুথে মোটরবাইক-সহ ৫০ জন সদস্যের তালিকা তৈরি করা হবে এই কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য। মিসড কল দিয়ে সদস্য হতে হবে। ফোনে থাকতে হবে 'নমো' অ্যাপ।












Click it and Unblock the Notifications