বিজেপিতে কৈলাশে ডামাডোল, ‘কামব্যাকে’র লক্ষ্যে পর্যবেক্ষক কি এবার ‘পরিবর্তনের কাণ্ডারি’
বিজেপিতে কৈলাশে ডামাডোল, ‘কামব্যাকে’র লক্ষ্যে পর্যবেক্ষক কি এবার ‘পরিবর্তনের কাণ্ডারি’
কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণে ২০২১-এর নির্বাচন পর্যন্ত পথ হেঁটেছে বঙ্গ বিজেপি। একুশের নির্বাচনের আগে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয় অরবিন্দ মেনন, অমিত মালব্যের মতো অনেককেই। নির্বাচনে ভরাডুবির পর কৈলাশ অস্তমিত হয়েছেন বাংলার রাজনীতি থেকে। এবার কৈলাশের পরিবর্তে ভাবা হচ্ছে পরিবর্তনের এক কাণ্ডারিকে।

বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে উঠে আসছে নতুন নাম
কৈলাশ-অরবিন্দ মেননের পর বাংলার রাজনীতিতে বিজেপির পর্যবেক্ষকের যে ভূমিকা তা পালন করে আসছিলেন বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক তথা বাংলার সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। বঙ্গ বিজেপির মাথায় বসে তিনিই ছড়ি ঘোরাচ্ছিলেন এতদিন। এবার তাঁর একাধিপত্যে ভাগ বসতে চলেছে। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে উঠে আসছে নতুন নাম।

বিজেপিতে জোর আলোচনা চলছে সুনীল দেওধরকে নিয়ে
রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে সুনীল দেওধরকে নিয়ে। এবার সুনীল দেওধরকে বসানো হতে পাবে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে। তিনি ত্রিপুরার রাজনীতিতে পরিবর্তনের অন্যতম কাণ্ডারি। তাঁর হাত ধরে ত্রিপুরার ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটেছে। এবার তাঁর জনসংযোগ ও দল পরিচালনার ক্ষমতাকে অগ্রাধিকার দিয়ে বাংলার দায়িত্ব দেওয়া হতে পারে।

বিজেপি চাইছে নতুন পর্যবেক্ষক নিয়োগ করে ফের ঘুরে দাঁড়াতে
বঙ্গ বিজেপিতে বর্তমান সময়ে চূড়ান্ত ডামাডোল চলছে। ২০১৯-এর পর যে জোয়ার এসেছিল, এখন তা স্তিমিত। ২০২১-এ নির্বাচনে হারের ধাক্কায় বিজেপিতে এখন ভাটা পড়েছে। একের পর এক হারের মুখোমুখি হতে হচ্ছে বিজেপিকে। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে নতুন পর্যবেক্ষক নিয়োগ করে ফের ঘুরে দাঁড়াতে।

বাংলায় দলের হাল ফেরাতে বিজেপিতে নতুন পদক্ষেপ
তাই অমিত মালব্য সহ পর্যবেক্ষক হিসেবে যেমন রয়েছেন, তেমনই থাকবেন। সুনীল দেওধরকে বসানো হতে পারে পর্যবেক্ষক পদে। সুনীল দেওধর বাংলা ভাষায় কথা বলতে পারেন। তাঁর এই বিশেষ দক্ষতার জন্য তাঁকে বাংলার পর্যবেক্ষক পদে বসানো হতে পারে। বাংলায় দলের হাল ফেরাতে বিজেপিতে নতুন এই পদক্ষেপ নিতে চলেছে।

বিজেপিতে আরও ডামাডোল শুরু হয়েছে নেতৃত্বে বদলে
২০২১-এর নির্বাচনের পর রাজ্য সভাপতি বদল ঘটেছে। দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হয়েছেন সুকান্ত মজুমদার। তারপর থেকে বিজেপিতে আরও ডামাডোল শুরু হয়েছে। অমিত মালব্যর পারফম্যান্স নিয়েও প্রশ্ন উঠে পড়েছে। তাই পর্যবেক্ষক পদে সুনীল দেওধরের এনে বাংলার কামব্যাকের চেষ্টা করছে। সুনীল দেওধর বাংলা বোঝেন, বাংলায় কথা বলতে পারেন। তারপর তিনি দক্ষ সংগঠক। সেই কারণেই তাঁর নাম আলোচনায় উঠে এসেছে। এবং তিনিই এই পদে প্রথম পছন্দ।

যিনি বিজেপির হাল শক্ত হাতে ধরতে পারবেন
রাজ্যে দলের পর্যবেক্ষক হিসেবে এখনও নাম রয়েছে কৈলাশ বিজয়বর্গীয়র। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে তিনি আর বাংলায় আসেননি। তা নিয়ে বিজেপির অন্দরমহলে ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছে। এই অবস্থায় দলের দায়িত্ব সামলাচ্ছিলেন সহ পর্যবেক্ষক অমিত মালব্য। কিন্তু তাঁকে নিয়েও বিজেপিতে মতানৈক্য রয়েছে। তাই বিজেপি এমন একজনকে আনতে চাইছেন ওই পদে, যিনি বিজেপিকে শক্ত হাতে ধরতে পারবেন।












Click it and Unblock the Notifications