লোকসভায় প্রার্থী খুঁজতে তৃণমূলের দিকে তাকিয়ে বিজেপি! ৪২ আসনে নজরে যাঁরা
বিগত উপনির্বাচনগুলিতে দেখা গিয়েছে বিজেপি সাতপাঁচ ভেবে, বিপক্ষের প্রার্থী দেখে নিজেদের প্রার্থী স্থির করেছে। এবারও সেই পুরনো কৌশল অবলম্বন করেই এগোতে চাইছে বিজেপি।
বিগত উপনির্বাচনগুলিতে দেখা গিয়েছে বিজেপি সাতপাঁচ ভেবে, বিপক্ষের প্রার্থী দেখে নিজেদের প্রার্থী স্থির করেছে। এবারও সেই পুরনো কৌশল অবলম্বন করেই এগোতে চাইছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে তার দিকেই তীক্ষ্ণ নজর বিজেপির। এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজে লাগানোই মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে বিজেপির।

যোগ্য নামের সন্ধানে
বিজেপি রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থীর নাম স্থির করতে নানা সময়ে নানা পথ অবলম্বন করছে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছিল, বাংলার বিজেপি নেতৃত্বের তরফে কতগুলি করে নাম জমা দিতে হবে কেন্দ্রওয়াড়ি। তার মধ্যে থেকে কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নেবে যোগ্য নাম।

কাঠখড় পোড়াচ্ছে বিজেপি
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও যোগ্য প্রার্থীর সন্ধানে ভিতরে ভিতরে লোক লাগিয়েছেন বলে বিশেষ সূত্রে খবর। তারপর বঙ্গ নেতৃত্বের তরফে কোন নাম আসে, তা দেখে উভয়ের মধ্যে তুলনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে বিজেপি। মোট কথা লোকসভায় যোগ্য প্রার্থী বাছতে বিজেপিকে কাঠখড় পোড়াতে হচ্ছে বেশ।

তৃণমূলের বিক্ষুব্ধরা লক্ষ্যে
এরই মধ্যে বঙ্গ বিজেপি স্থির করেছে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই তাঁরা দলীয় প্রার্থী ঠিক করবেন। টিকিট না পেয়ে তৃণমূলে কোনও বিক্ষুব্ধ তৈরি হয় কি না, হলে তাঁকে দলে টেনে প্রার্থী করা যায় কি না, তা ভেবে দেখছে বিজেপি। লোকসভার প্রার্থীতালিকা চূড়ান্তের পর্ব থেকেই তৃণমূলকে মুখের মতো জবাব দেওয়াই বিজেপির উদ্দেশ্য হতে চলেছে।

বিজেপির মুখ পুড়েছে বিগত দিনে
যদিও এমন কাজ করতে গিয়ে বিজেপির মুখ পুড়েছে বিগত দিনে। নোয়াপাড়া উপনির্বাচনে তৃণমূলের মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণা করে বিপাকে পড়তে হয়েছে বিজেপিকে। তারপরও বিজেপি সেই চেষ্টা থেকে বিরত হচ্ছে না বলেই আভাস মিলেছে। প্রার্থী-মনোনয়ন পর্ব থেকেও তৃণমূলকে ভাঙা বিজেপির লক্ষ্য।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাঁরা
সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ, প্রাক্তন টিএমসিপি সভাপতি শঙ্কুদেব পাণ্ডা, তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, তৃণমূলের প্রার্থী হওয়া অভিনেতা বিশ্বজিৎ প্রমুখ। তাঁদের মধ্যে কেউ প্রার্থী হতেই পারেন। ইতিমধ্যে বিজেপির অন্দরে কথাও চলছে তাঁদের অনেকের নাম নিয়ে।

অপেক্ষায় আরও অনেক নাম
অপেক্ষায় রয়েছে আরও অনেক নাম। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা, বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ পার্থপ্রতীম রায়ের নাম। এছাড়াও তৃণমূল ঘনিষ্ঠ তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা যাচ্ছে গেরুয়া শিবিরে। ইতিমধ্যে কয়েকপ্রস্থ কথাও হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।












Click it and Unblock the Notifications