বিজেপি সব পুরসভার ভোট একসঙ্গে চায়, নতুবা গণনা হোক একদিনে! হুঁশিয়ারি মামলার
বিজেপি সব পুরসভার ভোট একসঙ্গে চায়, নতুবা গণনা হোক একদিনে! হুঁশিয়ারি মামলার
রাজ্যের সবকটি পুরসভায় একসঙ্গে ভোট করার দাবি তুলল বিজেপি। আর তা একান্তই সম্ভব না হলে অন্তত একই দিনে গণনা করতে হবে, এমন দাবিতে সরব হয়েছে গেরুয়া শিবির। এমনকী তারা রাজ্য নির্বাচন কমিশনে তদ্বিরও করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দিয়েছে দাবি সম্বলিত স্মারকলিপি।

বকেয়া ভোট একসঙ্গে না হলে মামলা
সোমবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দেন, রাজ্যের সবকটি পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে না হলে মামলা করা হবে। রাজ্য সরকার সবে প্রাথমিক পর্যায়ে পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। তারই মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে মামলার হুঁশিয়ারি দেওয়া হল।

একসঙ্গে ভোট হোক রাজ্যের সমস্ত পুরসভায়
বিজেপির দাবি ২০১৮ সাল থেকে পুরভোট আটকে রাখা হয়েছে। এখন শুধু কলকাতা ও হাওড়ার পুরসভার ভোট করাতে চাইছে রাজ্য সরকার। কেন শুধু হাওড়া ও কলকাতার পুরভোট হবে। বাকি শতাধিক পুরসভার ভোট কেন হবে না? আমরা চাই একসঙ্গে ভোট হোক রাজ্যের সমস্ত পুরসভায়। সেই দাবি নিয়েই আমরা রাজ্য নির্বাচন কমিশনে দাবি জানিয়েছি।

ভোটের ফলাফল যাতে একই দিনে হয়
সোমবার একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিনই সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে বলেন, রাজ্যে সব কটি পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে করাতে হবে। নইলে আদালতে জনস্বার্থ মামলা করবে। তাঁর দাবি, নিরাপত্তার কারণে যদি একসঙ্গে ভোট করানো না যায়, অন্তত ভোটের ফলাফল যাতে একই দিনে হয়, তার বন্দোবস্ত করতে হবে।

একসঙ্গে ভোট লড়ার ক্ষমতা রয়েছে বিজেপির
সুকান্তর দাবি, রাজ্যের সমস্ত পুরসভায় যদি একসঙ্গে ভোট হয়, তা লড়ার ক্ষমতা রয়েছে বিজেপির। রাজ্যে ১১৪টি পুরসভায় ভোট বাকি, আর রাজ্য সরকার চাইছে শুধু কলকাতা ও হাওড়ার ভোট করাতে। প্রতিটি পুরসভা চলছে প্রশাসক দিয়ে। বছরাবধি কাল এই পরিস্থিতিতে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই চটজলদি পুরভোট করার দাবিতে সরব হল বিজেপি।

একসঙ্গে ভোটের দাবি তুলে আইনি লড়াইয়ে বিজেপি
রাজ্য পুরসভা ভোট নিয়ে বিলম্ব করতে চাইছে না আর। সেই কারণেই ডিসেম্বরের মাঝামাঝি কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাকি পুরসভার ভোটও জানুয়ারিতেই করাতে উদ্যোগী রাজ্য। এরই মধ্যে বিজেপি একসঙ্গে ভোটের দাবি তুলে আইনি লড়াইয়ে নামতে চলেছে। তৃণমূলের দাবি, বিজেপি নিশ্চিত হার বুঝেই এসব বাহানা শুরু করেছে এখন। অযথা জটিল করতে চলেছে পরিস্থিতি।












Click it and Unblock the Notifications