তিন পদ্ধতিতে বিজেপির রাজ্য কমিটি গঠন! কারা থাকবেন কমিটিতে, জল্পনা তুঙ্গে
রাজ্য সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পর প্রায় চার মাস অতিক্রান্ত। এখনও গঠন হয়নি নয়া রাজ্য কমিটি।
রাজ্য সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পর প্রায় চার মাস অতিক্রান্ত। এখনও গঠন হয়নি নয়া রাজ্য কমিটি। রাজ্য সভাপতি নির্বাচনের পর তিনটি পৃথক পদ্ধতি মেনে রাজ্য কমিটি গঠনের পরিকল্পনা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইমতো তৈরি হয়ে গিয়েছে নয়া রাজ্য কমিটির প্রাথমিক তালিকা। এবার মোদী-শাহর-নাড্ডারা তার চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

লকডাউনের মধ্যেই বিজেপি কমিটি!
রাজ্য তথা দেশে করোনা লকডাউন বেড়েছে আরও ১৪ দিন। এরই মধ্যে বিজেপি নতুন কমিটি গঠন করতে চলেছে। তার জন্য সমস্ত পরিকল্পনাই সারা। এখন স্রেফ ঘোষণার অপেক্ষা। বিজেপির রাজ্য কমিটি এই মার্চেই গঠনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি এবং করোনার সংক্রমণ রুখতে লকডাউনের জেরে তা স্থগিত হয়ে যায়। এবার লকডাউন পর্বেই রাজ্য বিজেপি নয়া কমিটি গঠন প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে।

কারা থাকবেন বিজেপির এই কমিটিতে
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কারা থাকবেন বিজেপির এই নতুন কমিটিতে। পুরনোদের কারা বাদ যাবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এজন্য যোগ্যতা মেপেই এগোচ্ছে বিজেপি। একেবারে ত্রিমুখী পরীক্ষার মাধ্যমে বিজেপি নতুন কমিটি গঠন করতে চাইছে। এটা একদিনের পদ্ধতি নয়, দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলছে। তা সমাধা হয়েছে, এবার শুধু পরীক্ষার ফল জানানো বাকি।

তিন পদ্ধতি মেনে তৈরি হচ্ছে কমিটি
সেই পদ্ধতি হল- বঙ্গ বিজেপি তরফে নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ তাঁদের মতো করে একটা তালিকা তৈরি করছে। আর অমিত শাহ তাঁর নিজস্ব টিমকে নিয়ে প্রতি বিধানসভা ও মণ্ডল অনুযায়ী একটা তালিকা তৈরি করছেন। সেই ত্রিধারার সম্মিলিত সিদ্ধান্তেই গড়ে উঠবে কমিটি।

২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি
ইতিমধ্যে প্রাথমিক একটি তালিকা তৈরি হয়ে গিয়েছে। মোদী-শাহ-নাড্ডারা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে। বিজেপি ২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি গঠন করছে। এখন দেখার এই কমিটিতে কারা থাকেন? এই কমিটিতে মুকুল রায় তাকেন কি না, তিনি কী পদ পেতে পারেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতমধ্যে।












Click it and Unblock the Notifications