বিজেপি কর্মীর আঙুল কাটার পাল্টা জবাবে তৃণমূল নেতার বাড়ি দখল! রণক্ষেত্র মল্লারপুর
ভোট চলাকালীন ও ভোট পরবর্তী হিংসা ঘিরে রীতিমত তপ্ত লালমাটির দেশ বীরভূম। গরমের তাপ্রবাহের মধ্যে সোমবার ভোট উত্তাপে বীরভূমের বিভিন্ন অংশে ব্যাপক হিংসা চলেছে।
ভোট চলাকালীন ও ভোট পরবর্তী হিংসা ঘিরে রীতিমত তপ্ত লালমাটির দেশ বীরভূম। গরমের তাপ্রবাহের মধ্যে সোমবার ভোট উত্তাপে বীরভূমের বিভিন্ন অংশে ব্যাপক হিংসা চলেছে। নানুর, দুবরাজপুর, সদাইপুরের মতো একাধিক এলাকায় হিংসা ক্রমেই চরম আকার ধারণ করতে শুরু করে।

ভোট মিটতেই এদিন রণক্ষেত্রে চেহারা নিয়েছে বীরভূমের মল্লারপুর। সেখানে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপে আঙুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই স্থানীয় তৃণমূল নেতা বিকাশ বাউরির বাড়িতে এদিন চড়াও হন বিজেপি সমর্থকরা। বাড়িতে ঢুকে চলে ভাঙচুর, মারধর। বাড়িতে লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা। এলাকার বিজেপি সমর্থকরা আটক করে নেন বিকাশ বাউরিকে। এরপর পুলিশ এসে বিকাশ বাউরিকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে, যে গাড়িতে পুলিশ নিয়ে যাচ্ছিল বিকাশকে সেউ গাড়ি আটকাতে যান বিজেপির এক সমর্থক। ওই সমর্থককে হিঁচড়ে টেনে নিয়েই পুলিশের গাড়ি অনেক দূর পর্যন্ত যেতে দেখা যায়।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এলাকার বিজেপি সমর্থকদের দাবি, তৃণমূল নেতা বিকাশ বাউরির বাড়িকে তাঁরা বিজেপির পার্টি অফিস হিসাবে তৈরি করবেন। কারণ আপাতত এলাকায় বিকাশ বাউরির বাড়ি বিজেপির দখলে।












Click it and Unblock the Notifications