২৯৪ কেন্দ্রে ২৯৪ জনসভা! পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রচার পরিকল্পনা সারা বিজেপির
বাংলার পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। সেই কারণে শাসক-বিরোধী উভয়েই ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলে নবজোয়ার আনার অভিযানে শামিল তখন বিজেপিও প্রচার পরিকল্পনা সেরে ফেলল। ২৯৪টি কেন্দ্রে ২৯৪টি জনসভা করার পরিকল্পনা নিল তারা।
বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি জুন মাস থেকেই বাংলার প্রচারে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। তাঁদের লক্ষ্য হল ২৯৪টি কেন্দ্রে ২৯৪টি সভা করা। মূল তিনটি সভা করবেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি ও জেপি নাড্ডাজি। বাকি সভাতেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা।

মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যজুড়েই প্রচার কর্মসূচি সাজিয়েছে বঙ্গ বিজেপি। তার সঙ্গে রয়েছে পঞ্চায়েতের প্রচার। বঙ্গ নেতৃত্ব তো থাকছেই, সেইসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বকে এনে বিজেপি ঝড় তুলতে চাইছে বাংলায়। এক ঢিলে দুই পাখি মারাই বঙ্গ বিজেপির লক্ষ্য।
সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষে তাঁর ৯ বছরের কাজের প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে দেশজুড়ে। তারপর বাংলায় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। বিজেপি এই সময়ে ২৯৪টি সভা করার পরিকল্পনায় মোদীর ৯ বছর পূর্তির প্রচারের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও ঝড় তুলতে চাইছে।
বিজেপির এই মহা পরিকল্পনায় শুধু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাই নন, শামিল হবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারাও। পঞ্চায়েত ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। তবে এই কর্মসূচিতে প্রধান মুখ বাংলার কেউ নন। সেই কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই ভরসা রাখছে বঙ্গ বিজেপি।

বাংলায় পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই আগামী মাসেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারা। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা মতো দলের তিন শীর্ষ নেতা আগামী মাসেই তিনটি সভা করবেন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও রাঢ়বঙ্গে তিনটি সভা করা হবে।
সুকান্ত মজুমদার জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি গুরুত্ব দিয়ে প্রচার চালানো হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয়মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিকে রাখা হবে প্রচারে। বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটি করে বড়ো জনসভা হবে।
আবার তিনি যোগা দিবস হিসেবেও দলের কর্মসূচির কথা ঘোষণা করেন, সুকান্ত মজুমদার বলেন, আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। ওইদিন রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন যদি যোগ দিবস উদযাপনের উদ্যোগ নেয়, তবে বিজেপি পাশে থাকবে। ৯ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ৩০ জুন ৯ দিন ব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি পালন করা হবে।












Click it and Unblock the Notifications