পঞ্চায়েতের আগেই বিজেপির মহাপরিকল্পনা, বাংলায় আসছেন মোদী-সহ তিন শীর্ষনেতা
পঞ্চায়েত ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। আর এই কর্মসূচিতে প্রধান মুখ বাংলার কেউ নন। সেই কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই ভরসা রাখছে বিজেপি। বাংলায় পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই আগামী মাসেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারা।
বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমাদের দলের তিন শীর্ষ নেতা আগামী মাসেই বাংলায় আসছেন। তাঁরা তিনটি সভা করবেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাকে দিয়ে সেই তিনটি সভা করার কথা ঘোষণা করেন রাজ্য সভাপতি।

বুধবার রাজ্য সভাপতি বলেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও রাঢ়বঙ্গে তিনটি সভা করা হবে। সেই তিনটি সভায় বক্তব্য রাখবেন তিন শীর্ষ নেতা। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি গুরুত্ব দিয়ে প্রচারে আনা হচ্ছে কেন্দ্রীয়মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী, ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিকেও।
সুকান্ত মজুমদার বলেন, আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। ওইদিন রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন যদি যোগ দিবস উদযাপনের উদ্যোগ নেয়, তবে বিজেপি পাশে থাকবে। ৯ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ৩০ জুন ৯ দিন ব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মূল তিনটি সভা করবেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি ও জেপি নাড্ডাজি। কিন্তু তাঁদের লক্ষ্য হল ২৯৪টি কেন্দ্রে ২৯৪টি সভা করা। সব মিলিয়ে মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যজুড়েই প্রচার কর্মসূচিতে সাড়া ফেলে দিতে চাইছে বঙ্গ বিজেপি।

এক ঢিলে দুই পাখি মারাই বঙ্গ বিজেপির লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মোদীর ৯ বছর পূর্তি উপলক্ষে তাঁর ৯ বছরের কাজের প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। আর বাংলায় পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। সেখানে অভিষেক যখন নবজোয়ার কর্মসূচিতে সাড়া ফেলে দিয়েছেন, বিজেপি তখন বসে রয়েছে।
এখন বিজেপির এই নয়া কর্মসূচিযেমন মোদীর ৯ বছর পূর্তি প্রচার সারা হবে, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের পাল্টাও হবে। অভিষেককে পাল্টা গিয়ে বিজেপি ৯০ দিনের কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা করেছে পঞ্চায়েত নির্বাচনের আগে। বিজেপির এই মহা পরিকল্পনায় তাই শুধু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাই নন, শামিল হবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারাও।
বিজেপি ৯০ দিনের জনসম্পর্ক অভিযানের পরিকল্পনা নিলেও তা কোন রুটে হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। অভিষেকের পাল্টা বঙ্গ বিজেপির জনসম্পর্ক অভিযান ১ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। এই জনসম্পর্ক অভিযানই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আগমনে অন্য রূপ পেতে চলেছে।












Click it and Unblock the Notifications