নবদ্বীপে খুন বিজেপি কর্মী! তৃণমূল বিধায়কের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ নিহতের পরিবারের
নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। নিহতের পরিবারের দাবি অনুযায়ী, অভিযুক্তদের সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত।
নিহতের বাড়ি নবদ্বীপ শহরের ৬ নম্বর ওয়ার্ডে। বিশ্বকর্মা পুজোর রাতে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

খুন হওয়া বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক। তাঁর পরিবারের দাবি, প্রাচীন মায়াপুর নতুনপাড়ার বাসিন্দা বাড়ি ফেরার সময় দেখেন জয় রায়, তন্ময় দেবনাথরা ঝগড়া, গণ্ডগোল করছেন। তাঁরা ওই এলাকার বাসিন্দাও নন। কয়েকজনকে এভাবে গোলমাল করতে দেখে সঞ্জয় ও তাঁর সঙ্গী চন্দ্রশেখর এগিয়ে যান। বলেন, গোলমাল থামিয়ে যাঁর যাঁর বাড়ি চলে যেতে।
এরপরই চন্দ্রশেখরকে মারধর করা হয়। যাঁরা গণ্ডগোল করছিলেন মদ্যপ অবস্থায় তাঁরা রাতে সঞ্জয়ের বাড়িতেও চড়়াও হন। অভিযোগ, সঞ্জয় বাড়ি ফিরে ঘুমোচ্ছিলেন। তাঁকে ঘর থেকে উঠোনে ফেলে বুকে, মাথায় আঘাত করা হয়। এরপর সঞ্জয়কে যাতে হাসপাতালে নিয়ে যাওয়া না হয় সে কারণে বাড়ি ঘিরেও রাখা হয়।
পরে অভিযুক্তরা চলে গেলে সঞ্জয়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় সঞ্জয়ের। সঞ্জয়ের পরিবারের দাবি, কল্যাণী এইমসে ময়নাতদন্ত করা হোক।
সঞ্জয়ের প্রতিবেশীরা জানিয়েছেন, স্থানীয় একটি ক্লাবে নিয়মিত মদের আসর বসে। অভিযুক্তদের মধ্যে নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার গাড়ির চালক তারক দেবনাথ রয়েছেন। সঞ্জয়ের উপর হামলা চালানো সকলেই এলাকার তৃণমূল নেতা-কর্মী। সঞ্জয়ের মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, দলের সঙ্গে যুক্ত কেউ এই ঘটনা ঘটাননি।












Click it and Unblock the Notifications