মেদিনীপুরে জমি নিয়ে বিবাদে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় এক গৃহবধুকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় এক গৃহবধুকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় থানা এ বিষয়ে কোনও অভিযোগ নিতে অস্বীকার করায় ওই মহিলা সোমবার কাঁথি আদালতে অভিযোগ দায়ের করেন।

খেজুরির সাহেবনগর গ্রামের ওই গৃহবধূর অভিযোগ, এলাকার কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মী তাদের পাট্টা জমি গত ৪ তারিখ দখল করতে আসে। তিনি তার প্রতিবাদ করায় তাঁকে মারধর করে বাড়ির ভিতরে টেনে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করা হয়েছে। তিনি ও তাঁর পরিবার বিজেপির সমর্থক বলে জানা গিয়েছে।
ওই লোকজন তাঁর যৌনাঙ্গে আঘাত করে বলেও এই মহিলা অভিযোগ করেছেন।
ঘটনার পর স্থানীয় তালপাটি উপকূল থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলেও জানান তিনি। তারপরই আদালতে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
যে সময় দুষ্কৃতীরা তাঁর বাড়িতে যায়, সেই সময় স্বামী ঘরে ছিলেন না। তাঁদের পাট্টা জমি আছে। তার ওপর তাদের বাড়ি। নিগৃহীতার পরিবার বিজেপি সমর্থক বলে ওই জায়গাটা দখল করতে চায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বাধা দেওয়ার পর এই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
এলাকার বিধায়ক, তৃণমূল কংগ্রেস নেতা রনজিৎ মন্ডলের দাবি, বিজেপি এক মহিলাকে দিয়ে মিথ্যা মামলা করিয়ে তৃণমূল কংগ্রেসের বদনাম করতে চাইছে।
এলাকার বিজেপির নেতা অনুপ চক্রবর্তী বলেছেন যে, দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করছে বিজেপি। 'এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে এবং অভিযুক্তরা শাসক দলের বলে পুলিশ তাদের বাঁচাতে চাইছে' এমনটাই দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications